‘ভূমিসংক্রান্ত সমস্যার সমাধানে হবে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার’
রাজশাহী সংবাদদাতা:
ভূমিসংক্রান্ত নানা সমস্যা ও অনিয়ম দূর করতে উন্নত দেশের মতো ওয়ান স্টপ সার্ভিস চালু করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। গতকাল জুমুয়াবার রাজশাহী নগরের একটি কমিউনিটি সেন্টারে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয়ের আধুনিকায়নের উদ্দেশ্য হবে, যেন কেউ হয়রানির শিকার না হন। জনগণ যে ভোগান্তির শিকার হয়, চেষ্টা করছি একটা টিম ওয়ার্কের মধ্য দিয়ে, যাতে সেটা না হয়। সারা দেশের মানুষকে কীভাবে মুক্ত করা যায়, সেই পরিকল্পনা নিচ্ছি। আমরা চিন্তা করছি ওয়ান স্টপ সেন্টারের।
রাজশাহী-২ (সদর) আসন থেকে নির্বাচিত মিজানুর রহমান মিনু বলেন, যার জমি, যার সমস্যা সে বলবে। ওখান থেকে আর তাকে পাঁচ-ছয়টা ধাপ দিতে হবে না। হয়রানি যেন না হয়। যেন কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়। সেটার দিকেই আমরা চেষ্টা করছি।
মিজানুর রহমান মিনু বলেন, আমরা চেষ্টা করছি। আমি শিখছি। আমাদের মন্ত্রণালয় বিভিন্ন আইন দ্বারা পরিচালিত হয়। আইন অনুযায়ীই বিভিন্ন নির্দেশনা দেওয়া হচ্ছে। কিছু কিছু জায়গায় সংশোধনী প্রয়োজন। সেগুলো সংশোধনী আকারে আমরা পার্লামেন্টে উত্থাপন করব।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।