ভারতে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মুরাসু’
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মুরাসু’ ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, ঘূর্ণিঝড়টি আজ মঙ্গলবার অন্ধ্র প্রদেশ উপকূলে আছড়ে পড়ার সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারতের তামিলনাড়ুর উত্তরাঞ্চলে ভারী বৃষ্টি হচ্ছে। চেন্নাইসহ বিভিন্ন এলাকায় পানিবদ্ধতা তৈরি হয়েছে। পরিস্থিতি বিবেচনায় চেন্নাই থেকে চলাচলকারী বেশ কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে।
গত রোববার রাত থেকে চেন্নাই, চেঙ্গালপাট্টু ও তিরুভাল্লুর জেলায় বৃষ্টিপাত বেড়েছে। বিভিন্ন এলাকায় সড়কে পানি জমেছে।
পরিস্থিতি বিবেচনায় চেন্নাইয়ে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টির আশঙ্কায় চেন্নাই ও তিরুভাল্লুর জেলার সব স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।
চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে সোমবার ১১টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
তেলেঙ্গানায়ও সতর্কতা:
ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারতের আরও কয়েকটি অঞ্চলে প্রতিকূল আবহাওয়ার আশঙ্কা রয়েছে। তেলেঙ্গানার ছয়টি জেলায় কমলা সতর্কতা এবং পাঁচটি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আইএমডি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।