বিশ্বে তীব্র গরমে বছরে ১৯ হাজার শ্রমজীবীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক:
তীব্র গরম ও তাপপ্রদাহে প্রতিবছর বিশ্বব্যাপী প্রায় ১৯ হাজার শ্রমজীবীর মৃত্যু হচ্ছে। এছাড়া তাপজনিত কারণে কর্মক্ষেত্রে আহত হচ্ছেন দুই কোটিরও বেশি মানুষ।
আন্তর্জাতিক শ্রম সংস্থা এক প্রতিবেদনে জানিয়েছে, অতিরিক্ত গরমের কারণে আমেরিকা, আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং ভারতে অসংখ্য মানুষ কিডনি বিকল রোগে আক্রান্ত হচ্ছেন।
গত সোমবার (২২ এপ্রিল) প্রকাশিত এ প্রতিবেদনে সংস্থাটি আরও বলেছে, প্রতিবছর বিশ্বব্যাপী কীটনাশকের বিষক্রিয়ায় ৩ লাখ, কর্মক্ষেত্রের বায়ুদূষণে ৮ লাখ ৬০ হাজার, সূর্যের ক্ষতিকর রশ্মিতে ১৮ হাজার ৯৬০ জন এবং পরজীবী এবং প্রাণী থেকে মানুষের দেহে আসা রোগে আরও ১৫ হাজার ১৭০ জনের মৃত্যু হচ্ছে।
শ্রমজীবীদের ওপর তাপপ্রদাহের প্রভাব সম্পর্কে আন্তর্জাতিক শ্রম সংস্থা বলেছে, তীব্র গরমে কাজ করা শ্রমিকরা কিডনির চরম অসুখে ভুগছেন। এতে করে কৃষিখাতে কাজ করা শ্রমিকদের মধ্যে মৃত্যুর হার বেশি দেখা যাচ্ছে।
সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, শ্রমজীবীরা ক্যান্সার, কার্ডিওভাসকুলার রোগ, শ্বাসপ্রশ্বাসের সমস্যা, কিডনি বিকলসহ অন্যান্য রোগে ভুগছে।
এদিকে গত কয়েক বছর ধরে বিশ্বব্যাপী গরমের তীব্রতা বেড়েছে। যা প্রভাব ফেলেছে সাধারণ মানুষের জীবনে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন। জীবনের তাগিদে গরমকে উপেক্ষা করে তারা কাজকর্ম করছেন। এরফলে তারা তাপজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।