বিলে শাপলা তোলায় ব্যস্ত মা, পানিতে ডুবে মরল শিশু
গাইবান্ধা সংবাদদাতা:
বিলের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মায়ের অজান্তেই পিছে পিছে বিলে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয় ওই শিশুর।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের কুমারগাড়ী গ্রামের কুমারগাড়ী বিলে এ ঘটনা ঘটে। তিন বছর বয়সী ওই শিশুর নাম রাব্বি মিয়া। নিহত শিশু রাব্বি ওই গ্রামের মুনসুর আলীর ছেলে।
স্থানীয়দের বরাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঘাগোয়া ইউনিয়ন পরিষদের ৫ নং ইউপি সদস্য বাদশা মিয়া।
মোবাইল ফোনে তিনি জানান, শিশু রাব্বির মা রহিমা বেগম দুপুরে বাড়ির পাশের বিলে শাপলা তুলতে যায়। এ সময় শিশু রাব্বিও মায়ের অজান্তে তার পিছনে পিছনে যায়। কিছুক্ষণ পর তার মা বাড়িতে ফিরে এসে রাব্বিকে খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে পড়েন। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে বিলের পানি থেকে শিশু রাব্বির মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।