বিরোধীদের যোগাযোগ বাড়ছে, মাঠে নামার তৎপরতা
সরকার পতনের একদফা দাবিতে চলমান আন্দোলনকে চূড়ান্ত জোরদারের কথা ভাবছে বিএনপিসহ বিরোধী দলগুলো। ইতিমধ্যে তারা এর প্রস্তুতিও নিচ্ছে। এজন্য নিজেদের গুছিয়ে নিতে কিছুটা সময় নিচ্ছে তারা। এরই অংশ হিসেবে গত ৩০শে নভেম্বর রাজধানীর তোপখানায় শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে বৈঠক করেছে বিএনপিসহ যুগপৎ আন্দোলনের রাজনৈতিক দলগুলো। বৈঠকে নতুন কর্মসূচির বিষয়ে আলোচনা হয়েছে। শিগগিরই এই কর্মসূচি নির্ধারণ করে তারা রাজপথে নামবে। তবে এই কর্মসূচি এখনো নির্ধারিত হয়নি। সামনে যুগপৎ আন্দোলনের দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে আরও বৈঠক ও আলোচনা করবে বিএনপি। ওই সব বৈঠকে চূড়ান্ত কর্মসূচি নির্ধারণ করা হবে। কর্মসূচি নির্ধারিত না হওয়া পর্যন্ত হরতাল ও অবরোধ কর্মসূচিই চলবে।
নির্বাচনের প্রচারণায় প্রথম দিন ১৮ই ডিসেম্বর থেকে ভিন্ন ধরনের কর্মসূচি নিয়ে দলটি রাজপথে নামতে প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ষড়যন্ত্রমূলক নির্বাচন জনগণ মেনে নিবে না। বৈঠক থেকে এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে বিরোধীরা। মূলত এজন্যই বৈঠকটি হয়েছে।
তবে জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, নতুন কর্মসূচির বিষয়ে চিন্তা করা হচ্ছে। শিগগিরই এই কর্মসূচি নির্ধারণ করা হবে। এজন্য আগামীতে আমরা আবারো বসবো।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।