বিমসটেকের পরবর্তী সভাপতি হচ্ছে বাংলাদেশ
বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমসটেকে তৃতীয়বারের মত সভাপতির দায়িত্ব পাচ্ছে বাংলাদেশ।
ব্যাংককে চলমান জোটের ষষ্ঠ শীর্ষ সম্মেলনের শেষে বর্তমান সভাপতি থাইল্যান্ডের সরকারপ্রধান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকার প্রধানের হাতে দায়িত্ব তুলে দেবেন বলে বাসস জানিয়েছে।
এর মাধ্যমে আগামী দুই বছর দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় আঞ্চলিক সংযোগ, অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নে কাজ করবে বাংলাদেশ।
বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড বিমসটেকের সদস্য। দেশগুলোর নামের বর্ণ অনুযায়ী ধারাবাহিকভাবে দুই বছর পর পর সভাপতির দায়িত্বে পরিবর্তন আসে। এর আগে দুই মেয়াদে আঞ্চলিক এ জোটের সভাপতির দায়িত্ব পালন করে বাংলাদেশ।
বাংলাদেশ বিমসটেকের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিল। ১৯৯৭ সালে প্রতিষ্ঠার পরবর্তী দুই বছর ওই দায়িত্ব পালন করে। এরপর ২০০৫-২০০৬ মেয়াদেও সভাপতি হয় বাংলাদেশ। জোটের সভাপতির দায়িত্ব পালন করা দেশ শীর্ষ সম্মেলন আয়োজনের মাধ্যমে পরবর্তী সভাপতির কাছে দায়িত্ব হস্তান্তর করে থাকে।
ব্যাংককে ‘সমৃদ্ধ, স্থিতিস্থাপক এবং উন্মুক্ত বিমসটেক’ থিমে আয়োজিত শীর্ষ সম্মেলনে জোটের নেতারা গুরুত্বপূর্ণ আঞ্চলিক বিষয়গুলো নিয়ে আলোচনায় মিলিত হয়েছেন। এ সম্মেলনের শেষে থাইল্যান্ডের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে সভাপতিত্বের দায়িত্ব নেবে বাংলাদেশ।
১৯৯৭ সালে প্রতিষ্ঠিত বিমসটেক আঞ্চলিক সহযোগিতার জন্য বিশেষ করে বাণিজ্য, প্রযুক্তি, পরিবহন, জ্বালানি ও সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে ক্রমবর্ধমানভাবে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।