বিতর্কিত ‘গণভোট’ এ ‘হ্যাঁ’ ভোট দিতে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারের নির্দেশ
নিজস্ব সংবাদদাতা:
ফেব্রুয়ারিতে যে বিতর্কিত ‘গণভোট’ হবে, তার পক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার চালাতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে দুই অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষা দপ্তরকেও এ নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট দপ্তরে গত সোমবার পৃথক চিঠির মাধ্যমে এই নির্দেশনা পাঠানো হয়েছে।
মাউশির চিঠিতে বলা হয়েছে, দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গণভোটের লোগো সংবলিত ব্যানার ও ফেস্টুন দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শন করতে হবে। একই সঙ্গে সরকারি সব যোগাযোগ ও দাপ্তরিক চিঠিপত্রে গণভোটের লোগো ব্যবহার করতে হবে।
অন্যদিকে, একই তারিখে মাদ্রাসা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মাদ আরিফুর রহমান মজুমদার স্বাক্ষরিত নির্দেশনার এক চিঠিতে বলা হয়েছে, অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থীদের মাধ্যমে এই বার্তা পরিবারের কাছে পৌঁছে দিতে হবে। প্রতিষ্ঠানের নোটিশ বোর্ড ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই প্রচার চালাতে হবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।