বিজিবি-স্থানীয়দের বাধায় কাঁটাতারের বেড়া নির্মাণে পিছু হটল বিএসএফ
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কড়া প্রতিবাদে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের মুন্সিপাড়া সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপনের কাজ বন্ধ রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্তমানে ওই সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি।
আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে গত জুমুয়াবার সকালে সীমান্তের শূন্যরেখা বরাবর কাঁটাতারের বেড়া স্থাপনের কাজ শুরু করে বিএসএফ। এসময় বিজিবি কড়া প্রতিবাদ জানালে কিছুক্ষণের জন্য কাজ বন্ধ রাখে বিএসএফ। তবে দুপুর থেকে পুনরায় বেড়া স্থাপনের কাজ শুরু করে। এসময় বিজিবির সঙ্গে যোগ দেন সীমান্তবাসীরা। তারা একযোগে প্রতিবাদ জানান। এতে বেড়া স্থাপনের কাজ বন্ধ রাখে বিএসএফ। এরপর থেকেই ওই সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।
বিজিবি জানায়, এ ঘটনায় শনিবার সরেজমিন পরিদর্শনের কথা ছিল বিজিবি-বিএসএফের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের। বিজিবি রংপুর সেক্টরের কমান্ডার লেফটেন্যান্ট সাব্রি আহমেদ ও রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদীন ঘটনাস্থলে দিনভর উপস্থিত ছিলেন কিন্তু বিএসএফ কর্মকর্তারা আসেনি। পরে শনিবার রাতে বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে জানানো হয় যে, সীমান্তের শূন্যরেখায় কাঁটাতারের বেড়া স্থাপন করবে না বিএসএফ।
বিজিবি জানায়, আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী সীমান্তের শূন্যরেখার ১৫০ গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।