বিগত সরকারের আমলে জিডিপির হিসাবে ‘বড় গরমিল’ -অর্থমন্ত্রী
বিগত সরকারের আমলে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হিসাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিসংখ্যানে বড় ধরনের অসংগতি পাওয়া গেছে। এসব অসংগতি চিহ্নিত করতে পরিচালিত ফরেনসিক অডিটের প্রতিবেদন বিশেষজ্ঞদের পর্যালোচনা শেষে শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মিলনায়তনে জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, প্রশ্নবিদ্ধ পরিসংখ্যান দিয়ে কোনো কার্যকর কাজ করা সম্ভব নয়। এটি নিজের সঙ্গে প্রতারণার শামিল। সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে তথ্য। তাই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানটির জনবল সংকটের বিষয়টিও সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
তিনি বলেন, অতীতের অনিয়ম ও অসংগতির গভীরে যাওয়ার লক্ষ্যেই ফরেনসিক অডিট করা হয়েছে। কাউকে লক্ষ্যবস্তু করা এর উদ্দেশ্য নয়। তথ্য যত বেশি উন্মুক্ত করা হবে, তত বেশি ভুল ও অসংগতি সামনে আসবে। এতে সেগুলো সংশোধনের সুযোগ তৈরি হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে তথ্য এবং ডিজিটাল অবকাঠামোর গুরুত্ব আরও বেড়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।