বাংলাদেশ ব্যাংকের কাছে ৬,৮০০ কোটি টাকার গ্যারান্টি চায় ৩ ব্যাংক
আন্তঃব্যাংক মুদ্রাবাজারে তিন মাসের জন্য ছয় হাজার ৮০০ কোটি টাকার সহায়তা পেতে বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করেছে ন্যাশনাল ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ ও সোশ্যাল ইসলামী ব্যাংক।
পুনর্গঠিত ন্যাশনাল ব্যাংক তারল্য সহায়তা হিসেবে সর্বোচ্চ পাঁচ হাজার কোটি টাকা, ইসলামী ব্যাংক এক হাজার ১০০ কোটি টাকা ও সোশ্যাল ইসলামী ব্যাংক ৭০০ কোটি টাকার গ্যারান্টি চায়।
বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, 'এই তিন ব্যাংক আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টির জন্য আবেদন করেছে। তাদের আবেদন এখনো অনুমোদিত হয়নি।'
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা আরও বলেন, 'আমরা ওই ব্যাংকগুলোর সঙ্গে বৈঠক করব। এই বিষয়ে পরিপত্রের পরে গ্যারান্টির জন্য আবেদন ফর্ম পরিবর্তন করা হবে।'
গভর্নর আহসান এইচ মনসুর আন্তঃব্যাংক মুদ্রাবাজারের মাধ্যমে রুগ্ন ব্যাংকগুলোর তারল্য ব্যবস্থাপনা করবে বলে ইঙ্গিত দিলে পুনর্গঠিত এসব ব্যাংক বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির জন্য আবেদন করে।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, 'কেন্দ্রীয় ব্যাংক আগের মতো টাকা ছাপিয়ে তারল্য সহায়তা দেবে না। তবে ব্যাংকগুলো আন্তঃব্যাংক মুদ্রা সরবরাহের মাধ্যমে এ সহায়তা নিতে পারে।'
এই তিন ব্যাংক ছাড়াও ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকসহ আরও কয়েকটি পুনর্গঠিত ব্যাংকও তারল্য সহায়তার জন্য বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টি নেওয়ার পরিকল্পনা করছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।