বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বাড়াতে চায় পশ্চিম ইউরোপের দেশগুলো
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় পশ্চিম ইউরোপের দেশগুলো। এ বিষয়ে তাদের পছন্দের জায়গা হলো, বৃহত্তর নিরাপত্তা সহযোগিতা। ওই দেশগুলোর সঙ্গে প্রথাগত সহযোগিতা সবসময়ই ছিল। তবে প্রায় ১০ বছর ধরে নিরাপত্তা সহযোগিতার বিষয়টি আলোচনায় রয়েছে দুই পক্ষের। ইতোমধ্যে ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা চুক্তি হয়ে গেছে। এছাড়া ইতালি, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্যের সঙ্গেও একই ধরনের চুক্তি করা নিয়ে আলোচনা চলছে। এর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে ইউরোপের দেশগুলোর সম্পর্ক একটি নতুন উচ্চতায় চলে যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
এ বিষয়ে সাবেক পররাষ্ট্র সচিব ও দিল্লি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার শহীদুল হক বলেন, বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতার দৃশ্যমান ক্রমাগত উন্নতি সবার কাছে পরিষ্কার। ফলে অনেক দেশই বাংলাদেশের সঙ্গে প্রথাগত সম্পর্কের পাশাপাশি নিরাপত্তা সেবা (সিকিউরিটি সার্ভিস) আদান-প্রদানের সম্পর্ক তৈরি করতে চাইছে।
বাংলাদেশের ফোর্সেস গোল ২০৩০ এর অধীনে জাতীয় নিরাপত্তা সেবা কেনার ক্ষেত্রে বহুমুখিকরণের একটি তাগিদ আছে। এজন্য সরকারও বিভিন্ন দেশের সঙ্গে এ বিষয়ে আলোচনা করছে বলে তিনি জানান।
চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুনশি ফায়েজ বলেন, সম্পর্ক ভালো না হলে নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা হয় না। এ ধরনের সহযোগিতা সম্পর্ককে আরও দৃঢ় করে।
ইউরোপের দেশগুলোর সঙ্গে নিরাপত্তা সহযোগিতা নতুন নয়। তবে এখন নতুন আগ্রহের কারণে নতুন মাত্রা পাচ্ছে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন, ইউরোপের দেশগুলো বাংলাদেশে পণ্য বিক্রি করতে চায়। অন্যদিকে আমরা এইসব পণ্যের বহুমুখি উৎস থেকে কিনতে চায়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।