বাংলাদেশের পাট ও পাটপণ্য আমদানিতে আগ্রহী ইন্দোনেশিয়া
নিজস্ব প্রতিবেদক:
ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত আরিফ সোয়ুকু বলেছেন, বাংলাদেশ থেকে পাট ও পাটপণ্য আমদানিতে আগ্রহী ইন্দোনেশিয়া। পাট ও কৃষি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের পাশাপাশি বিনিয়োগের সম্ভাবনাও খতিয়ে দেখছেন তারা।
গত বুধবার (২ জুলাই) রাজশাহীর পবা উপজেলার নওহাটায় অবস্থিত হাসেন জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড পরিদর্শনকালে রাষ্ট্রদূত এসব কথা বলেছেন।
শতভাগ রপ্তানিমুখী এই পাটশিল্প পরিদর্শনের সময় ইন্দোনেশীয় দূতাবাসের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল তার সঙ্গে ছিল।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের পাট ও পাটপণ্যের গুণগত মান ইন্দোনেশিয়ার তুলনায় অনেক ভালো। এজন্য তারা বাংলাদেশের পাটপণ্য আমদানিতে গভীর আগ্রহী।
রাষ্ট্রদূত আরও বলেন, ‘আমরা খতিয়ে দেখছি, পাটপণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণে কীভাবে একসঙ্গে কাজ করা যায়। শুধু পাট নয়, আমরা বাংলাদেশের কৃষি খাতেও সহযোগিতা বাড়াতে আগ্রহী, বিশেষ করে আম চাষে। তিনি বলেন, এই অঞ্চলের আমের স্বাদ ও গন্ধ বিখ্যাত। তাই কোনো ব্যবসায়ী বা বাণিজ্যিক সংস্থা ইন্দোনেশিয়ায় আম রপ্তানি করতে চাইলে আমরা প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত।’
রাষ্ট্রদূত আরও বলেন, কৃষি খাতে কোনো যৌথ উদ্যোগ থাকলে ইন্দোনেশিয়া বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। এ ক্ষেত্রে রাজশাহী অঞ্চলকে অগ্রাধিকার দেওয়া হবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।