বাংলাদেশের চেয়ে পশ্চিমবঙ্গে ইলিশের দাম কম!
নিজস্ব প্রতিবেদক:
ভরা মৌসুমেও পর্যাপ্ত ইলিশের দেখা মিলছে না ইলিশ মোকামে। যে পরিমাণ মাছ আসছে তা অতিরিক্ত দামের কারণে কিনতে পারছেন না সাধারণ ক্রেতারা। আগে এমন সময়ে হাজার মণ ইলিশ এলেও বর্তমানে ১৫০-২০০ মণ ইলিশ আসছে মোকামগুলোতে।
বরিশালের পাইকারি ইলিশের মোকাম পোর্টরোড মৎস অবতরণ কেন্দ্র ঘুরে দেখা যায়, এক কেজি ওজনের ইলিশ ২৩৫০ টাকা, দেড় কেজি ওজনের ইলিশ ২৮০০ টাকা ও ৭০০-৯০০ গ্রাম ইলিশ ২১০০ টাকা, ৫০০ গ্রাম আকারের ইলিশ ১২০০-১৫০০ টাকা ও ৩ পিসে এক কেজি আকারের ইলিশ ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
দেশের সর্বত্র ইলিশ বিক্রি হচ্ছে অন্য যেকোনো বছরের চেয়ে বেশি দামে। কিন্তু এর অনেকটাই ভিন্নচিত্র ভারতের পশ্চিমবঙ্গের বাজারগুলোতে।
সেখানকার বাজারগুলোতে ঘুরে দেখা গেছে, ইলিশের প্রাচুর্যের দেশ বাংলাদেশের চেয়ে পশ্চিমবঙ্গের বাজারগুলোতে ইলিশের দাম এ বছর কম।
একে ‘খুব দুর্ভাগ্যজনক’ বলেছেন বাংলাদেশের ইলিশ বিশেষজ্ঞ আনিছুর রহমান।
প্রায় এক দশক ধরে ইলিশের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রেখেছে ইলিশের প্রজননের সময় এ মাছ ধরার নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞার সময় নির্ধারণে যে বৈজ্ঞানিক গবেষণা, তার নেতৃত্বে ছিলেন আনিছুর রহমান। তিনি বলছিলেন, এবার ইলিশের দাম সত্যিই অস্বাভাবিক। এ দেশে ইলিশের প্রাচুর্য আছে। তারপরও এর এত দাম মেনে নেওয়া যায় না।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।