বউকে নিয়ে দ্বন্দ্ব, বাবাকে বালিশচাপায় হত্যা
সিলেট সংবাদদাতা:
শ্বশুরবাড়ি থেকে বউকে ফিরিয়ে না আনতে রাজি না হওয়ায় বাবা তপন মিয়াকে (৭০) বালিশচাপা দিয়ে হত্যা করে আনসার মিয়া। আনসারকে আসামি করে বড় ভাই কাউসার মিয়া মামলা করেন।
গত সোমবার (১৮ মার্চ) দুপুরে সিলেটের দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের রুস্তমপুর গ্রামের এ ঘটনা ঘটে।
জানা গেছে, স্ত্রীকে নিয়ে দ্বন্দ্বের জেরে দীর্ঘদিন ধরে বাবা-মায়ের সঙ্গে কলহ চলছিল আনসার মিয়ার। প্রায়ই সে স্ত্রীকে মারধর করতো। এজন্য তার স্ত্রী বাবার বাড়ি চলে যায়। এক পর্যায়ে স্ত্রীকে ফিরিয়ে আনতে বাবা-মাকে চাপ দেয় আনসার। কিন্তু বাবা-মা ছেলের বউকে ফিরিয়ে আনতে রাজি হয়নি। এ নিয়ে সোমবার দুপুরে বাবার সঙ্গে কথা-কাটাকাটি হয় আনসার মিয়ার। একপর্যায়ে তাকে খাটের ওপরে ফেলে বালিশচাপা দিয়ে হত্যা করে।
মোগলাবাজার থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। তার বড় ভাই মামলা করেছেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।