ফের তাপমাত্রা কমবে, কবে থেকে জানাল আবহাওয়া অধিদপ্তর
নিজস্ব সংবাদদাতা:
পৌষে হাড়কাঁপানো শীতের পর মাঘ মাসের আবহাওয়া অনেকটাই উল্টো। দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই। তাপমাত্রাও একটু একটু করে বাড়ছে। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯.৪ ডিগ্রি সেলসিয়াস, আর রাজধানী ঢাকায় ছিল ১৫.৭।
সর্বোচ্চ তাপমাত্রার পারদও ঊর্ধ্বমুখী। গত সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারের টেকনাফে, ৩১ ডিগ্রি সেলসিয়াস।
তবে আজ ২১ জানুয়ারি বুধবার থেকে তাপমাত্রা কমতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে।
আজ শেষরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার সঙ্গে তাপমাত্রা কমবে জানিয়ে আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, এদিন সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরদিন ২২ জানুয়ারিও সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে ২৩ জানুয়ারি থেকে তাপমাত্রা আবারও বৃদ্ধি পেতে পরে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল ৯টায় বিভাগীয় শহরগুলোর মধ্যে রাজশাহীতে তাপমাত্রা ছিল ১১, রংপুরে ১২.৫, ময়মনসিংহে ১৪.৮, সিলেটে ১৪, চট্টগ্রামে ১৬, খুলনায় ১৩.৬ এবং বরিশালে ১২.৬ ডিগ্রি সেলসিয়াস।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।