প্রস্তাবিত জ্বালানি তেল নীতিমালায় কাউকে বিশেষ সুবিধা দেয়ার সুযোগ নেই
নিজস্ব প্রতিবেদক:
বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি তেল আমদানি, সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নিয়ে প্রস্তাবিত নীতিমালার মাধ্যমে কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে জ্বালানি বিভাগ।
জ্বালানি বিভাগ একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে এ নীতিমালাটি নিয়ে অসত্য তথ্য প্রচার করছে বলেও দাবি করেছে।
গতকাল শনিবার (৮ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেকের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, দেশে নিরবচ্ছিন্ন ও নিরাপদ জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে ‘বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানিপূর্বক সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নীতিমালা, ২০২৬’ এর একটি খসড়া প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার।
প্রস্তাবিত নীতিমালার মূল উদ্দেশ্য দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ ব্যবস্থা বজায় রাখা। পাশাপাশি, একটি স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে জরুরি বা সংকটকালীন পরিস্থিতিতে বিদ্যমান সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি খাতের অবকাঠামো ও বিনিয়োগ সক্ষমতাকে জাতীয় স্বার্থে ব্যবহার করাও এর অন্যতম লক্ষ্য।
জ্বালানি বিভাগ জানায়, জ্বালানি খাত সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত ও পরামর্শ গ্রহণ করে নীতিমালাটি চূড়ান্ত করা হবে। জনস্বার্থ, জ্বালানি নিরাপত্তা, প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হলেই এ ধরনের নীতিমালা প্রণয়নের বিষয়টি বিবেচনা করা হবে।
বিবৃতিতে আরও বলা হয়, সম্প্রতি প্রস্তাবিত এই নীতিমালা নিয়ে কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে অনুমাননির্ভর ও অসত্য তথ্য প্রকাশ করা হচ্ছে, যা অনভিপ্রেত।
এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ জানিয়েছে জ্বালানি বিভাগ।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।