পুলিশের নিষ্ক্রিয়তায় মাদকের রমরমা কারবার
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিষ্ক্রিয়তার সুযোগ নিচ্ছে মাদক কারবারিরা। পুলিশের তল্লাশিচৌকি (চেকপোস্ট), টহল ও অভিযান না থাকায় সারা দেশে সক্রিয় হয়ে উঠেছে তারা। এই সুযোগে মাদকের কয়েকটি বড় চালান বিভিন্ন সীমান্ত দিয়ে দেশে ঢুকেছে। মাদক পাচারের নতুন রুটেরও খোঁজ মিলেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে খোঁজ নিয়ে জানা যায়, প্রতি মাসে যেখানে সারা দেশে অন্তত ৫-৭ হাজার করে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়, সেখানে গত মাসে (আগস্ট) মামলা হয়েছে মাত্র ১৫টি। অর্থা ৎ মাদকবিরোধী কোনো অভিযান গত মাসে হয়নি।
জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগের গোয়েন্দা উপপরিচালক জিললুর রহমান বলেন, সরকার পতনের কোনো প্রভাব অধিদপ্তরের কর্মকর্তাদের ওপর সরাসরি পড়েনি। অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা মাঠে সক্রিয় থাকলেও অভিযানে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না। শুরু থেকে অস্ত্র ছাড়া ঝুঁকি নিয়ে অভিযান চালাচ্ছেন অধিদপ্তরের সদস্যরা। অভিযান চালাতে গিয়ে নিরাপত্তাজনিত কোনো ঝামেলা হলে স্থানীয় পুলিশের সহযোগিতা নেওয়া হতো। কিন্তু পুলিশিং কার্যক্রম না থাকায় সেই সুযোগ ছিল না।
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ময়নুল ইসলাম বলেন, পুলিশের থানাগুলো সচল হয়েছে। সব ইউনিট কাজ করছে। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।