‘পল্টন কখনও জিততে পারবে না, বিজয় হবে বায়তুল মোকাররমের’
নিজস্ব প্রতিবেদক:
সরকারবিরোধী আন্দোলন নিয়ে বিএনপিকে হুঁশিয়ার করে দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, ’পল্টন কখনও জয়ী হতে পারবে না, বিজয় হবে বায়তুল মোকাররমের।’
তিনি বলেন, ‘যারা আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করবে তাদের দর্প চূর্ণবিচূর্ণ করে দেওয়া হবে।’
জুমুয়াবার (২৮ জুলাই) বিকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র, নৈরাজ্যের প্রতিবাদে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ এই সমাবেশের আয়োজন করেছে।
বিএনপি-জামায়াতের উদ্দেশে সাদ্দাম হোসেন বলেন, ‘বাংলাদেশের ছাত্রসমাজ এ দেশে খুনিদের আর রাজনীতি করার সুযোগ দেবে না। যে লড়াই শুরু হয়েছে, সেই লড়াইয়ে আমরাই জয়ী হব।’
তিনি বলেন, ‘যারা বাইরের (বিদেশিদের) দাসত্ব করতে চায়, তাদের বিরুদ্ধে প্রস্তুত রয়েছে ছাত্রসমাজ। সন্ত্রাসীদের বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না। আগুন-সন্ত্রাসের চেষ্টা করা হলে রাজপথেই প্রতিহত করা হবে।’
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।