‘নির্বাচিত সরকার প্রতিষ্ঠায় বাধা দানকারীরাই গণতন্ত্র ও সার্বভৌমত্বের শত্রু’
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বাংলাদেশে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার পথে যারা বাধা দেবে, তারাই দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সবচেয়ে বড় শত্রু।
জাতীয় প্রেসক্লাবের সামনে এক নাগরিক সমাবেশে তিনি একথা বলেন।
দুদু বলেন, বাংলাদেশ তখনই বিপন্ন হবে, যখন বাংলাদেশে গণতান্ত্রিকভাবে জনগণ সম্পৃক্ত একটি সরকার অনুপস্থিত থাকবে। মানুষের মধ্য দিয়ে যে সরকার আসবে, সেই সরকারের দায়িত্ববোধ আর অনির্বাচিত অথবা অন্তর্র্বতীকালীন সরকারের দায়িত্ববোধ এক হয় না।
তিনি বলেন, জনগণের ভোটের মাধ্যমে এমন একটি সরকার আসবে, যা হবে জনগণের হৃদয়ের সরকার। কিন্তু বিভিন্ন টালবাহানা, ষড়যন্ত্র বা মতলবী কর্মকা-ের মাধ্যমে যদি সেই নির্বাচিত সরকারকে ঠেকানোর চেষ্টা করা হয়, তবে তা দেশের স্বার্থ ও গণতন্ত্রের পরিপন্থী হবে- এটা সবাইকে মনে রাখতে হবে।
বিএনপি’র ভাইস চেয়ারম্যান আরো বলেন, বাংলাদেশ থাকলে আমরা সবাই থাকব। বাংলাদেশ থাকলে একদিন সব সমস্যার সমাধান হবে। বাংলাদেশ থাকলে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা থাকবে, থাকবে স্বাধীনতার জন্য রক্ত দেওয়া লক্ষ মানুষের স্মৃতি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।