নির্বাচন বন্ধ করতে বিএনপি লাশ ফেলার রাজনীতি করতে চায় -ওবায়দুল
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে নির্বাচন বন্ধ করতে লাশ ফেলার রাজনীতি করতে চায়। তারা ৭৫-এ ক্যু করেছে। জেলখানায় জাতীয় নেতাদের হত্যা করেছে। তারেক জিয়া, খালেদা জিয়া ২১শে আগস্ট শেখ হাসিনাকে হত্যা করতে গ্রেনেড হামলা করেছে। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ এর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট বাজারে পথ সভায় তিনি এ কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশ্য করে কাদের বলেন, আমি আপনাদের সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। কোনো প্রার্থী বা কোনো একজন নামি নেতাকে তারেক জিয়া লন্ডন থেকে মারার জন্য ষড়যন্ত্র করছে। আপনারা এটা প্রতিরোধ করবেন। বাংলাদেশের মানুষ ৭১ সালকে ভয় পায়নি। এবারও যত বাধা আসুক ভয় পাবে না।
মন্ত্রী বলেন, বিদেশী শক্তি আমাদেরকে পরামর্শ দিলে গ্রহণ করব।
কিন্তু আমাদের নির্বাচনের ক্ষতি হয় এমন শক্তিকে উস্কানি দিলে এটা মেনে নেব না। ফিলিস্তিনের গাজায় ইসরায়েল যা করছে আজকে বাংলাদেশে বিএনপি তাই করছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।