নির্বাচনে আসন ভাগাভাগিতে আমরা আর নেই -জাপা মহাসচিব
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু হবে সে ব্যাপারে পুরোপুরি আস্থা আমাদের এখনো আসেনি। কিন্তু আমরা আশ্বাস পেয়েছি। নির্বাচন কমিশন এবং সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে পরিবেশ হবে। পরিবেশ হওয়ার জন্য অপেক্ষায় আছি। গত রোববার দলীয় কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে সে ব্যাপারে তার দল এখনো পুরোপুরি নিশ্চিত নয়।
জাতীয় পার্টির মহাসচিব বলেন, নির্বাচনে আসন ভাগাভাগি, কারও সঙ্গে আলোচনা, দর কষাকষিতে আমরা আর নেই। আমরা বলেছিলাম ৩০০ আসনে মনোনয়ন দেবো; তাই দিয়েছি, কয়েকটা হয়তো দিতে পারিনি। আমরা আমাদের নিজেদের শক্তিতে নির্বাচন করতে চাই। কারও সঙ্গে সমন্বয় বা যোগাযোগ আমাদের হয়নি, আমাদেরও ইচ্ছা নেই। তিনি আরো বলেন, আমরা একটা জিনিস চাই, নির্বাচন ভালো পরিবেশে হবে। সুষ্ঠু পরিবেশে হবে। নির্বাচনে ভোটার আসবে এ রকম আস্থার অবস্থা সৃষ্টি করতে হবে। ভোটার এলে ভোট দিতে পারবে এ রকম একটা বিশ্বাসযোগ্য অবস্থার সৃষ্টি হোক নির্বাচন কমিশনের কাছে এটা আমার প্রথম এবং শেষ কামনা।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।