নাটোরে হাসিনাসহ ১১১ জনের নামে হত্যা মামলা
শেখ হাসিনা এবং নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম শিমুলসহ ১১১ জনের নামে নাটোরে হত্যা মামলা করা হয়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) দ নাটোর সদর থানায় মামলাটি দায়ের করেন শহরের মল্লিকহাটি মহল্লার মনু মিয়ার ছেলে ফজের আলী।
বাদী ফজের আলী মামলায় উল্লেখ করেছেন, আওয়ামী লীগ সরকার পতনের আগের দিন তার ছেলে ইয়াছিন ইসলাম (১৭) অন্যদের সঙ্গে শহরের মাদরাসা মোড়ে ছাত্র আন্দোলনে যান। আসামিরা তার ছেলেকে মারপিট করে সাবেক এমপি শিমুলের জান্নাতি প্যালেসের দোতালায় একটি কক্ষে নিয়ে আটকে রাখেন। ঢাকার আন্দোলনকারীরা গণভবনে প্রবেশের আগে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে যান। এ খবরে মামলার দুই নম্বর আসামি সেই সময়ের এমপি শফিকুল ইসলাম শিমুল তার নিজের ঘরে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যান। এতে ঘরে আটকা পড়ে ইয়াছিন ইসলাম নিহত হন। সারা দেশে আন্দোলন ও সরকার পতনের পর পুলিশ দায়িত্ব পালন না করায় মামলা করতে দেরি হয়েছে।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চালানো হবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।