দেশের অর্থনীতিতে অনিশ্চয়তার কিছু দেখছি না -অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, দেশের অর্থনীতির সব সূচক বাড়ছে। কাজেই অনিশ্চয়তা বা হতাশার কিছু নেই। তবুও দেশের অর্থনীতি নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে অর্থ মন্ত্রণালয়ের সেশন শেষে এ কথা বলেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, আমাদের যে সূচকগুলো আছে উন্নয়নের সেগুলো বাড়ছে। ফেব্রুয়ারি মাসের রেমিট্যান্স ২১৬ মিলিয়ন ডলার। আমাদের সবগুলো সূচকই তো বাড়ছে। কাজেই আমরা তো এখানে অনিশ্চয়তার কিছু দেখছি না। আর হতাশারও কিছু নেই। এগুলো নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, এটা তো চলছে।
ডিসিদের সত্যিকার চিত্র তুলে ধরার আহ্বান জানিয়ে অর্থমন্ত্রী বলেন, তাহলে মানুষ বুঝতে পারবে কোথায় এসে দাঁড়িয়েছে। বাংলাদেশ উন্নয়নের ধারায় এসে দাঁড়িয়েছে। এ পর্যন্ত স্বাধীন বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ সর্বোচ্চ স্থানে এসে দাঁড়িয়েছে। আজকে শেখ হাসিনার ডেল্টা প্ল্যান ২১০০ ধরে বাংলাদেশ এগুচ্ছে। বাংলাদেশের যে অব্যাহত উন্নতি, মানুষের মধ্যে যে আশার সঞ্চার হয়েছে, সেটি তো আপনি রাস্তায় ঘুরলেই দেখতে পাবেন। মেট্রো-রেলে চড়লেই বুঝতে পারবেন মানুষ কতোটা খুশি হয়েছে, আশ্বস্ত হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।