দল বা প্রার্থী দেখে নয়, অপরাধ দেখে ব্যবস্থা -ইসি রাশেদা
নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন, আমাদের কাছে সব প্রার্থী সমান। দল বা প্রার্থী দেখে নয়, যে প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করবেন, কমিশন তার বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করবে। আমরা এ কার্যক্রম আরও জোরদার করছি।
গতকাল জুমুয়াবার লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে দ্বাদশ জাতীয সংসদ নির্বাচন উপলক্ষে প্রিসাইডিং অফিসার ও সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেয়ে ভোট দিতে পারে সেই পরিবেশ তৈরিতে নির্বাচন কমিশন কাজ করছে। ভোট সুষ্ঠ করতে দেশের বিভিন্ন জেলায় আমরা যাচ্ছি, প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করছি।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রতিটি স্তরেই কাজ করছে জানিয়ে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ভোটের পরিবেশ নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। যে প্রার্থীই আচরণবিধি ভঙ্গ করবে তার বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি আসনে নির্বাচন অনুসন্ধান কমিটি রয়েছে। তারা অভিযোগগুলো তদন্ত করছেন।
তিনি বলেন, অপরাধের ধরন বুঝে প্রার্থীদের সাজা দেওয়া হচ্ছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সবার সমন্বয়ে কাজ করা হচ্ছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।