তেলের পর এলপিজিতেও ধাক্কা, মাসে দুই দফা দাম বাড়লো
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর এবার বাড়ানো হয়েছে এলপিজির দাম। চলতি মাসে দুই দফা দাম বাড়ানো হয়েছে। এবার ১২ কেজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হলো।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন দাম ঘোষণা করে।
এর আগে, এপ্রিলের শুরুতেই ৩৮৭ টাকা দাম বাড়ানো হয়। সব মিলিয়ে এক মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে মোট ৫৯৯ টাকা।
বিইআরসি প্রতিমাসে দাম নির্ধারণের নিয়ম অনুযায়ী গত ২ এপ্রিল চলতি মাসের জন্য নতুন দামের ঘোষণা দেয়। সে সময় ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৭২৮ টাকা; যা আগের মাসের তুলনায় ৩৮৭ টাকা বেশি।
এদিকে, এলপিজির এই মূল্যবৃদ্ধির আগেই জ্বালানি তেলের দামও বাড়ানো হয়েছে। গত রাত থেকেই নতুন দরে তেল বিক্রি শুরু হয়েছে; যা পরিবহনসহ বিভিন্ন খাতে ব্যয় বাড়ার আশঙ্কা তৈরি করেছে।
বর্তমানে প্রতিকেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১৬১ টাকা ৬৬ পয়সা এবং অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ দশমিক ৯০ টাকা। একই অনুপাতে অন্যান্য ওজনের সিলিন্ডারের দামও বাড়ানো হয়েছে।
এদিকে জ্বালানি খাতে এই ধারাবাহিক দাম সমন্বয়ের পর বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়েও আলোচনা শুরু হয়েছে। ইতোমধ্যে পিডিবি থেকে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দেবে বলে জানা যায়। এতে সামনের দিনে সামগ্রিক ব্যয় আরও বাড়ার শঙ্কা দেখা দিয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।