তিন মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবনের দুয়ার
আজ শনিবার (১ জুন) থেকে ৩১ আগস্ট পর্যন্ত টানা তিন মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবনের দুয়ার। এ সময় পর্যটক প্রবেশ, সাধারণ মানুষের চলাচলসহ সুন্দরবনের নদী-খালে মাছ ধরা নিষিদ্ধ থাকবে।
গতকাল জুমুয়াবার (৩১ মে) পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত এই তিন মাস মাছের প্রজনন মৌসুম। তাই এই তিন মাস মাছ ধরা বন্ধের পাশাপাশি পর্যটক প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে দীর্ঘ তিন মাস বন্ধ থাকবে সুন্দরবন প্রবেশের সকল পারমিট।
সাধারণ জেলেরা জানান, বর্তমানে ঘূর্ণিঝড় রেমালের কারণে সুন্দরবনসংলগ্ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ওপর মৎস্য আহরণ তিন মাস বন্ধ থাকলে জেলেদের জীবিকা নির্বাহ করা আরও কঠিন হয়ে পড়বে।
শরণখোলার মৎস্য ব্যবসায়ী জাকির হোসেন ও জালাল মোল্লা জানান, সুন্দরবনের জেলেদের মাছ ধরা ছাড়া আর কোনো কাজ করার সুযোগ নেই। এ বছর তিন মাস মাছ ধরা বন্ধ থাকলে জেলেরা পরিবারসহ না খেয়ে থাকবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।