ঢাকা শহরের পানিবদ্ধতা নিরসনে কাজ করতে আগ্রহী নেদারল্যান্ডস
নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় খাল ও ডোবার টেকসই উন্নয়নে এবং ঢাকা শহরে ব্লু নেটওয়ার্ক স্থাপনে সহযোগিতা করার আগ্রহ ব্যক্ত করেছে নেদারল্যান্ডস। ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আশ্বাস দিয়েছে ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত কার্সটেন্স। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর গুলশান নগর ভবনে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আলাপকালে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতকে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের খাল দখলমুক্তকরণ ও খনন কার্যক্রম সম্পর্কে অবগত করে বলেন, ঢাকার ব্লু নেটওয়ার্ক স্থাপনের এই উদ্যোগে নেদারল্যান্ডস আমাদেরকে আর্থিক ও কারিগরি সহযোগিতা প্রদান করতে পারে। ফলে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আমি বিশ্বাস করি।' জবাবে ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত কার্সটেন্স বলেছে, ঢাকা শহরের পানিবদ্ধতা নিরসন, স্যানিটেশন ম্যানেজমেন্ট, ও খালগুলোর টেকসই উন্নয়নে নেদারল্যান্ডস কাজ করতে আগ্রহী। ঢাকা শহরে যে খাল রয়েছে সেগুলো উন্নয়ন করে ব্লু নেটওয়ার্ক স্থাপনের সুযোগ রয়েছে। ব্লু নেটওয়ার্ক স্থাপনে যৌথভাবে নেদারল্যান্ডস কাজ করতে চায়। দ্রুতই এই বিষয়ে আমরা বিস্তারিত উল্লেখপূর্বক প্রস্তাবনা দিব। দুই দেশের সম্পর্ক উন্নয়নে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।