‘ডিজিটাল প্রযুক্তির উপর নির্ভর করে ২০ লাখ তরুণ-তরুণী কর্মসংস্থানের সুযোগ পেয়েছে’
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ডিজিটাল প্রযুক্তির উপর নির্ভর করে দেশের ২০ লাখ তরুণ-তরুণী কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। ডিজিটাল খাত থেকে ইতিমধ্যে সরকার দুই মিলিয়ন ডলার আয় করতে সক্ষম হয়েছে। সরকারের সকল সেবা ডিজিটালাইজড করা হয়েছে। জনগণের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে গেছে।
সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে নারী প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ শেষে গতকাল জুমুয়াবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী আরও বলেন, তথ্য-প্রযুক্তি অপব্যবহারের মাধ্যমে দেশ-বিদেশে সাইবার ক্রাইম প্রতিরোধে সরকারের বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয় করে সরকার কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ২৪০ জন নারী প্রশিক্ষণার্থীর মাঝে প্রধানমন্ত্রীর ল্যাপটপ উপহার বিতরণ করেন। এসময় তালা উপজেলার জাতপুর গ্রামের ক্ষুদে বিজ্ঞানী বোরহান উদ্দীনের বোমারু বিমান নির্মাণের ভূয়সী প্রশংসা করে তার হাতে একটি ল্যাপটপ তুলে দেন এবং তার এই গবেষণা কাজে ব্যয়ের জন্য প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৫ লাখ টাকা প্রদানের ঘোষণা দেন প্রতিমন্ত্রী।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।