টিসিবি কার্যক্রমে ১০ হাজার কোটি টাকা ব্যয় করছে সরকার -বাণিজ্য সচিব
দেশের নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী ও ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্যক্রমকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে সরকার। এর জন্য ১০ হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর বারিধারা পার্কে আয়োজিত দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে মে মাসের টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এসব কথা জানায়।
বাণিজ্য সচিব বলে, বর্তমানে দেশে এক কোটি কার্ডের মাধ্যমে এক কোটি পরিবারের হাতে স্বল্প মূল্যে নিত্যপণ্য সরবরাহ করা হচ্ছে। এর মাধ্যম সারা দেশের অন্তত ৫ কোটি মানুষ উপকৃত হবে। আরও বেশি সংখ্যক মানুষকে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রমের অধীনে আনা হবে। এই খাতে সরকারের ১০ হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে।
টিসিবির পণ্য বিতরণ কার্যক্রমের সুফল যেন উপযুক্ত ব্যক্তিরা পায় এজন্য কার্ডধারীদের তালিকা আরও সতর্কতার সঙ্গে প্রণয়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানায় বাণিজ্য সচিব। সুষ্ঠুভাবে এই কার্যক্রম পরিচালনার লক্ষ্যে টিসিবির উদ্যোগে স্মার্টকার্ড বিতরণ করা হচ্ছে। এরইমধ্যে ৩০-৩৫ লাখ স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।