‘জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না’
নিজস্ব সংবাদদাতা:
ঢাকার রাজপথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, দুঃখিত, এটা এক নতুন বাংলাদেশ।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) নিজের অনলাইন পেজে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।
এতে শফিকুল আলম লিখেছেন, বিএএল (বাংলাদেশ আওয়ামী লীগ), তাদের সমর্থকেরা এবং তাদের গণহত্যাকারী নেতা মনে করছেন, আবারও ২০০৬ সালের ২৮ অক্টোবর ফিরে এসেছে। তারা ভাবছে, প্রকাশ্য দিবালোকে এক ডজন মানুষকে হত্যা করে রাস্তা দখল করার জন্য হাজার-হাজার দুর্বৃত্তকে ঢাকার কেন্দ্রস্থলে পাঠাবেন। দুঃখিত, এটা এক নতুন বাংলাদেশ।
তিনি আরও লিখেছেন, নিষিদ্ধ রাজনৈতিক দল বা সন্ত্রাসী সংগঠনগুলো যদি কোনো ধরনের বিক্ষোভের চেষ্টা করে, তাহলে আইন তার পূর্ণ শক্তি দিয়ে তা মোকাবিলা করবে।
পোস্টের শেষে প্রেস সচিব লিখেছেন, জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না। মনে রাখবেন, এটা ২০০৬ সালের ২৮ অক্টোবর নয়। এটা জুলাই, চিরকালের জন্য।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।