জামালগঞ্জ খনিতে ৫৫০ কোটি টন কয়লার বিপুল মজুদ
১৯৬২ সালে জামালগঞ্জ কয়লাক্ষেত্রটি আবিষ্কৃত হয়। এতদিন এখানে প্রায় ১০০ কোটি টন কয়লা থাকার হিসাব প্রচলিত ছিল। তবে সাম্প্রতিক অনুসন্ধানে দেখা গেছে, এই কয়লাক্ষেত্রের বিস্তৃতি প্রায় ৬৪ বর্গকিলোমিটার এলাকা জুড়ে। বিভিন্ন সময়ে খনন করা ১৪টি কূপের তথ্য বিশ্লেষণ করে এই নতুন মজুদের হিসাব নির্ধারণ করা হয়েছে। একাধিক গণমাধ্যমের তথ্যমতে, খনির কোথাও কোথাও কয়লাস্তরের পুরুত্ব পাওয়া গেছে প্রায় ৪৪ মিটার পর্যন্ত।
জামালগঞ্জে কয়লার বিশাল মজুদ থাকলেও এটির কয়লা রয়েছে ভূগর্ভের প্রায় ৬৪০ থেকে ১,১৫৮ মিটার গভীরে। এর ফলে প্রচলিত পদ্ধতিতে খনি নির্মাণ করে কয়লা তুলতে গেলে উৎপাদন ব্যয় এবং প্রযুক্তিগত ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। এই ধারণার আড়ালেই দীর্ঘ দিন ধরে খনিটিকে অকেজো করে রাখা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, শুধু প্রচলিত খনি খননের চিন্তায় আটকে না থেকে এখন বিকল্প আধুনিক প্রযুক্তি নিয়ে ভাবার সময় এসেছে। এক্ষেত্রে সবচেয়ে কার্যকর সমাধান হতে পারে ‘আন্ডারগ্রাউন্ড কোল গ্যাসিফিকেশন’ বা ইউসিজি।
ইউসিজি প্রযুক্তিতে ভূগর্ভের কয়লা সরাসরি ওপরে না তুলে খনির ভেতরেই নিয়ন্ত্রিত উপায়ে তাকে গ্যাসে রূপান্তর করা হয়। পরবর্তীতে উৎপাদিত সেই গ্যাসকে পরিশোধন করে বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানার জ্বালানি কিংবা অন্যান্য বহুমুখী কাজে ব্যবহার করা সম্ভব। বাংলাদেশের পাঁচটি কয়লাক্ষেত্রের ওপর পরিচালিত এক বৈজ্ঞানিক গবেষণা ও তুলনামূলক বিশ্লেষণে জামালগঞ্জকে ইউসিজি বাস্তবায়নের জন্য সবচেয়ে সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে, গবেষণায় এর সম্ভাব্যতা সূচক দেওয়া হয়েছে ৯৩.৬ শতাংশ।
জামালগঞ্জে সম্প্রতি ‘কোল বেড মিথেন’ বা সিবিএম আহরণের সম্ভাবনাও পরীক্ষা করা হয়েছে। ২০২৬ সালের অনুসন্ধানের অংশ হিসেবে তিনটি কূপ খনন করে কয়লাস্তরের গ্যাসের পরিমাণ ও বৈশিষ্ট্যাবলি পরীক্ষা করা হয়। দুটি কূপের প্রাথমিক ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, বাণিজ্যিকভাবে আহরণযোগ্য মিথেন গ্যাসের সম্ভাবনা কিছুটা কম। তবে বর্তমানে তৃতীয় কূপটির মূল্যায়ন ও পরীক্ষা-নিরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনায় পরবর্তী কার্যক্রম অব্যাহত রয়েছে।
তবে বিশেষজ্ঞরা স্পষ্ট করেছেন, সিবিএমের সম্ভাবনা কম হলেও জামালগঞ্জের কয়লা অর্থনৈতিকভাবে মূল্যহীন হয়ে যায় না। এখানেই ইউসিজি প্রযুক্তির গুরুত্ব বৃদ্ধি পায়। কারণ ইউসিজিতে কয়লা স্তর থেকে পৃথকভাবে মিথেন তুলে আনার বদলে পুরো ভূগর্ভস্থ কয়লাকেই জ্বালানি গ্যাসে রূপান্তর করার বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে।
আন্তর্জাতিক প্রতিবেদনে জানা গেছে, ২০২৫ সালে দেশে কয়লা আমদানির পরিমাণ প্রায় ১৭.৩৪ মিলিয়ন টনে পৌঁছেছিল। জাতীয় রাজস্ব বোর্ডের (ঘইজ) তথ্য অনুযায়ী, ২০২৬ অর্থবছরে কয়লা আমদানির পরিমাণ আরও বেড়ে হয়েছে ২০.৭ মিলিয়ন টন। এর ফলে কয়লা এখন বাংলাদেশের সবচেয়ে বেশি আমদানি হওয়া পণ্যের তালিকায় স্থান করে নিয়েছে।
এমন বৈরী বাস্তবতায় জামালগঞ্জের বিশাল নিজস্ব কয়লা সম্পদকে প্রযুক্তিগতভাবে কাজে লাগাতে পারলে বিদ্যুৎ খাতে একটি বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব হবে বলে মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞরা।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।