জাপানে ফ্লু’তে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪ হাজারেরও বেশি, স্কুল বন্ধ ঘোষণা
জাপানে চার হাজারেরও বেশি মানুষ ফ্লুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ অবস্থায় দেশটির সরকার আনুষ্ঠানিকভাবে সারা দেশে ফ্লু মহামারির ঘোষণা দিয়েছে। জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২২ সেপ্টেম্বর থেকে এক সপ্তাহে দেশের ৩ হাজার হাসপাতালে ৪ হাজার ৩০ জনের ফ্লু আক্রান্তের তথ্য পাওয়া গেছে।
এরইমধ্যে শতাধিক স্কুল, কিন্ডারগার্টেন ও ডে-কেয়ার সেন্টার সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এ বছর জাপানে ফ্লুর মৌসুম স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় পাঁচ সপ্তাহ আগে শুরু হয়েছে। এ পরিস্থিতিতে মহামারির পরবর্তী বিশ্বে ফ্লু ভাইরাসের আচরণ পরিবর্তিত হচ্ছে কি না এ নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
গত ৩ অক্টোবর জাপানের স্বাস্থ্য কর্মকর্তারা জানায়, আগের সপ্তাহের তুলনায় দেশে ফ্লু আক্রান্তের সংখ্যা চারগুণ বেড়েছে। বিশেষজ্ঞদের ধারণা, বৈশ্বিক পরিবেশগত পরিবর্তনের কারণে ভবিষ্যতেও এমন আগাম ও তীব্র প্রাদুর্ভাব সাধারণ ঘটনা হয়ে উঠতে পারে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।