জানুয়ারির শুরু থেকেই ‘অসহযোগ আন্দোলন’, বিএনপির সঙ্গী জামাত
যে কোনো মূল্যে দ্বাদশ সংসদ নির্বাচন ঠেকাতে মরিয়া বিএনপি। মামলায় জর্জরিত দলটির নেতাকর্মীরা মাঠে না থাকলেও কর্মসূচি চলছে টানা। চলতি মাসের পুরোটা সময় হরতাল-অবরোধের মতো কর্মসূচি অব্যাহত রেখে জানুয়ারির শুরু থেকে অনির্দিষ্টকালের জন্য অসহযোগ আন্দোলন করতে চায় দলটির হাইকমান্ড। এতে শামিল হবে জামাত। মাঠে বাড়বে নেতাকর্মীদের উপস্থিতি। গত কয়েক দিনে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের বক্তব্যেও বিষয়টি অনেকটা স্পষ্ট।
আন্দোলনের নতুন কৌশলে বিএনপি নির্বাচনের আগে দুটি ধাপে মাঠে নামতে চায়। সেক্ষেত্রে ১৯ ডিসেম্বর থেকে চলতি মাসের বাকি দিনগুলো হরতাল-অবরোধ থাকবে। এর পরের ধাপে নতুন বছরের প্রথম দিন থেকে অসহযোগ কর্মসূচির মাধ্যমে আন্দোলনের চূড়ান্ত বিজয় অর্জনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিএনপির একটি সূত্র।
জানা যায়, শেষ ধাপের আন্দোলনে বিজয় অর্জনে কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতি বাড়াতে বিএনপির হাইকমান্ড নানামুখী উদ্যোগ নিয়েছে। এতদিন বিএনপির সঙ্গে জামায়াত যুগপৎ আন্দোলনে থাকলেও এখন জামায়াতের সঙ্গে যৌথভাবে আন্দোলনের সিদ্ধান্ত হয়েছে। জামায়াতের সঙ্গ নিয়ে যারা বিরোধিতা করছে তাদের সঙ্গেই প্রয়োজনে নিরাপদ দূরত্ব বজায় রেখে জোরালো আন্দোলন গড়ে তোলা বিএনপির লক্ষ্য।
দল দুটির হাইকমান্ডের মধ্যে সম্প্রতি একাধিকবার কথা হয়েছে বলেও জানা যায়। সেখানে যৌথভাবে আন্দোলনের ব্যাপারে ইতিবাচক আলোচনা হয়েছে। এছাড়া আত্মগোপনে থাকা নেতাদের এবার প্রকাশ্যে মাঠে নামারও নির্দেশনা দেওয়া হয়েছে। এবার মাঠে নামার ক্ষেত্রে কোনো নেতার অজুহাত আমলে নেবে না বিএনপির হাইকমান্ড।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।