জনস্বাস্থ্য শিক্ষা ও গবেষণায় পিছিয়ে বাংলাদেশ
ডা. জিয়াউল ইসলাম:
বর্তমানে বাংলাদেশে পূর্ণাঙ্গ কোনো পাবলিক হেলথ বিশ্ববিদ্যালয় নেই। ঢাকার জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম), ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি ও কিছু প্রাইভেট প্রতিষ্ঠানে পাবলিক হেলথে মাস্টার্স ও গবেষণা চালু থাকলেও এসব প্রতিষ্ঠান মেডিকেল বা বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হয়। ফলে এপিডেমিওলজি, হেলথ ইকোনমিক্স, এনভায়রনমেন্টাল হেলথ, ডিজাস্টার ম্যানেজমেন্ট, পেশাগত স্বাস্থ্যসহ সব শাখায় সমন্বিত শিক্ষা ও গবেষণা সম্ভব হচ্ছে না। অধিকাংশ গবেষণাদাতা-নির্ভর হওয়ায় দীর্ঘমেয়াদি ও প্রমাণভিত্তিক গবেষণার সুযোগও সীমিত।
বর্তমানে দেশের জনস্বাস্থ্য ব্যবস্থার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অসংক্রামক রোগ, যেমন হৃদরোগ, ক্যানসার, ডায়াবেটিস ও মানসিক স্বাস্থ্য সমস্যা, যা মোট মৃত্যুর প্রায় ৭০ শতাংশ দায়ী। পাশাপাশি জনবল ঘাটতিও বড় সমস্যা। প্রতি ১০ হাজার জনে মাত্র ৫.৮ জন চিকিৎসক ও ২.৮ জন নার্স বিদ্যমান, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক নির্ধারিত মানের নিচে। দক্ষ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, স্বাস্থ্য অর্থনীতি বিশেষজ্ঞ, তথ্য বিশ্লেষক ও ওয়ান হেলথ এক্সপার্ট তৈরি করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। এ ঘাটতি পূরণে একটি স্বতন্ত্র ও গবেষণাভিত্তিক পাবলিক হেলথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এখন অত্যন্ত জরুরি। (সংক্ষেপিত)
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।