জনগণের সমান অধিকার নিশ্চিতে কাজ করবে ‘স্পিক বাংলাদেশ ইয়ুথ’
নিজস্ব প্রতিবেদক:
দেশের সব জনগণের জন্য সমান অর্থনৈতিক, রাজনৈতিক এবং ধর্মীয় অধিকার নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ‘স্পিক বাংলাদেশ ইয়ুথ’ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। গতকাল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে এক আয়োজনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে সংগঠনটি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশব্যাপী এক সর্বাত্মক গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে। এই গণঅভ্যুত্থানকে গণবিপ্লবে পরিণত করতে হলে প্রয়োজন রাষ্ট্র ব্যবস্থার আমূল সংস্কার। সিস্টেম একই রেখে যদি আমরা চালক পরিবর্তন করি তাহলে বৈষম্যবিরোধী আন্দোলনের স্পিরিট ব্যহত হবে। এ জন্য আমাদের লক্ষ্য এখন নতুন বাংলাদেশ বিনির্মাণ করা, যার ভিত্তি হবে সুশাসন ও জবাবদিহি।
তারা বলেন, সামনের দিনে আমরা এমন এক রাষ্ট্র নির্মাণ করতে চাই যেখানে বিচারের বাণী নিভৃতে কাঁদবে না। বিনাবিচারে গ্রেফতার করে বছরের পর বছর আটকে রাখা, গুম কিংবা অপহরণে কারও জীবন শেষ হয়ে যাবে না। আমরা চাই, সমতার ভিত্তিতে গড়ে ওঠা একটা দেশ।
তারা আরও বলেন, বন্ধুত্বের নিদর্শন হিসেবে এপার থেকে ইলিশ যাচ্ছে আর প্রতিদানে ওপার থেকে বাঁধ খুলে আমাদের ভাসিয়ে দেওয়া হচ্ছে। এমন মনিব ও ভৃত্যের সম্পর্ক যেন কারও সঙ্গে আমাদের না গড়ে ওঠে। আমার ট্যাক্সের টাকায় কেনা বুলেট যেন আমার ভাইয়ের জীবন কেড়ে না নেয়। দেশের বিশ্ববিদ্যালয়গুলো যেন টর্চার সেলে পরিণত না হয়, দেশের গণমাধ্যম যেন তামাশায় পরিণত না হয়। আমরা এগুলোর জন্যেই কাজ করবো।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।