জনগণের আস্থার প্রতীক হিসেবে থানাগুলোকে দেখতে চাই -আইজিপি
জনগণের আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে থানাগুলোকে দেখতে চাই বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। গতকাল ইয়াওমুল খামীছ (বৃহস্পতিবার) রাজারবাগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আইজিপি এ কথা বলেন।
আবদুল্লাহ আল-মামুন বলেন, জনগণের আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে থানাগুলোকে দেখতে চাই। সেই সঙ্গে ডিএমপিকে অগ্রণী দৃষ্টান্ত স্থাপন করতে হবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ জনসাধারণের সঙ্গে সেতুবন্ধ তৈরি করেছে, যা অতুলনীয়। জঙ্গিবাদ, সাইবার ক্রাইমসহ নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। ডিএমপি নাগরিক সুলভ মনোভাবে যথাযথভাবে দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছে। পুলিশ হবে মানুষের প্রথম ভরসাস্থল।
আইজিপি বলেন, সেবা প্রত্যাশীদের প্রতি মানবিক আচরণ করব আমরা। থানাকে জনগণের আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে দেখতে চাই। এ ক্ষেত্রে ডিএমপিকে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে হবে।
বর্তমানে ৫০টি থানা নিয়ে বাংলাদেশ পুলিশের সর্ববৃহৎ ইউনিট হিসেবে ঢাকাবাসীকে সেবা দিয়ে যাচ্ছে জানিয়ে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, নাগরিকদের মধ্যে আইনের প্রতি শ্রদ্ধার সংস্কৃতি গড়ে তুলতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন দেশ ও সরকারের দর্পণ, তেমনি সব দিক থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম সফলতা ও ব্যর্থতার দ্বারা অনেকাংশে বাংলাদেশ পুলিশ মূল্যায়িত হয়ে থাকে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।