ছাত্রলীগ কর্মীকে দিনদুপুরে গুলি করে হত্যা করেছে ‘সাজ্জাদ বাহিনী’
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামে দিনদুপুরে আফতাব উদ্দিন তাহসিন নামে এক ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যা করেছে ‘সাজ্জাদ বাহিনী’। গত সোমবার (২১ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে নগরের চান্দগাঁও থানার শমসের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আফতাব উদ্দিন তাহসিন চান্দগাঁও থানার হাজিরপুলের মোহাম্মদ মুসার ছেলে। স্থানীয় ছাত্রলীগের এই কর্মী নগরের ওমরগণি এম.ই.এস. কলেজের ছাত্র ছিলেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য আরশাদুল আলম বাচ্চুর অনুসারী হিসেবে রাজনীতিতে সক্রিয় ছিলেন। তবে ছাত্রলীগের কোনও পদে ছিলেন না। পড়াশোনার পাশাপাশি ইট ও বালুর ব্যবসা করতেন।
নাম প্রকাশ না করার শর্তে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, চান্দগাঁও থানার শমসের পাড়ার উদুপাড়া এলাকায় আফতাব তার ব্যবসার জন্য আনা বালু ও ইট রাখেন। বিকাল সোয়া ৪টার দিকে মজুতের জন্য এক ট্রাক বালু আনা হয়। এ কারণে আফতাব সেখানে আসেন। কিছুক্ষণ পর সেখানে একটি নোহা মাইক্রোবাস আসে। প্রথমে গাড়ির ভেতর থেকে আফতাবকে লক্ষ্য করে একটি গুলি ছোড়া হয়। এরপর ছোট সাজ্জাদ ও তার সহযোগী মাহমুদ, হাছানসহ চার জন গাড়ি থেকে নেমে গুলি করতে থাকেন। তারা আফতাবের ঊরু ও পায়ে পরপর চারটি গুলি করে চলে যান। এতে মৃত্যু হয়। আশপাশে লোকজন থাকলেও ভয়ে এগিয়ে আসেননি কেউ।
নিহত আফতাবের ছোট ভাই তানভীর হোসেন বলেন, ‘সন্ত্রাসী সাজ্জাদের বিরুদ্ধে আমার ভাই ফেসবুকে লেখালেখি করতেন। ইট ও বালুর ব্যবসা করতে হলে ভাইয়ের কাছে চাঁদাও চেয়েছেন। এ কারণে দুই মাস আগে আদালতে জিডি করেন। বিকালে প্রকাশ্যে সাজ্জাদ ও তার বাহিনী গুলি করে হত্যা করে চলে যান। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলা কিংবা অভিযোগ করেও কোনও লাভ হবে না। কারণ সাজ্জাদকে কেউ গ্রেফতার করবে না।’
এ বিষয়ে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আবদুল মান্নান মিয়া বলেন, ‘সন্ত্রাসী সাজ্জাদই গুলি করে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে।’
চট্টগ্রামের একসময়ের দুর্ধর্ষ শিবির ক্যাডার সাজ্জাদ আলী খান ২০০০ সালের ১ অক্টোবর একে-৪৭ রাইফেলসহ গ্রেফতার হয়। ২০০৪ সালে জামিনে বেরিয়ে বিদেশে পালিয়ে যায়। বিদেশে পলাতক সেই সাজ্জাদ আলীর সহযোগী হিসেবে এই সাজ্জাদ অপরাধ-জগতে পা রাখে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।