চাকরিচ্যুতির তালিকায় ১০ হাজার আনসার, সহিংসতায় জড়িতদের চাকরি করার সুযোগ নেই -মহাপরিচালক
নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে সাধারণ আনসার সদস্যদের (অঙ্গীভূত) কাছ থেকে অস্ত্র প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টিকারী সদস্যদের নামের একটি প্রাথমিক তালিকা হয়েছে। আইনি ব্যবস্থার পাশাপাশি বাহিনী থেকে তাদের স্থায়ী বরখাস্ত করা হবে বলে আনসার সদরদপ্তর সূত্রে জানা গেছে।
গত ২৫ আগস্ট সচিবালয় ঘেরাও কর্মসূচিতে অংশ নেওয়া প্রায় ১০ হাজার সাধারণ আনসার সদস্যের তালিকা এসেছে সদরদপ্তরে। তাদের মধ্যে ঘটনার দিন যারা মাঠে ছিলেন এবং আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাদের গত সোমবার কর্মস্থল ত্যাগ করতে বলা হয়েছে। আর যারা ব্যারাক থেকে গিয়ে আন্দোলনে অংশ নেন, তাদের ব্যারাকে ফিরতে দেওয়া হয়নি।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, ‘আন্দোলনের নামে সাধারণ আনসার সদস্যরা অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। ঢাকায় আসার সময় তারা দুই সেট করে পোশাক নিয়ে আসেন। এ থেকে বোঝা যায়, তাদের উদ্দেশ্য ছিল ভিন্ন। ’ তিনি বলেন, ‘আনসার সদস্যদের সঙ্গে বহিরাগত প্রবেশ করে সচিবালয় অবরুদ্ধ করার চেষ্টা করে। এ কাজের সঙ্গে যারা জড়িত তাদের কারও আর আনসারে চাকরি করার সুযোগ নেই। প্রচলিত আইনে সবার বিচার হবে। ’
তিনি জানান, সচিবালয় ঘেরাওয়ের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কার কতটুকু দায়, তা নিশ্চিত হয়ে ব্যবস্থা নেওয়া হবে। নির্দোষ কেউ যাতে হয়রানির শিকার না হন, সে ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।