গ্যাসসঙ্কটে ভারী শিল্পে উৎপাদন হ্রাস ৫০%
, ১৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০২ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০১ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৬ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
গ্যাসসঙ্কটে দেশের শিল্প খাতে নেমে এসেছে স্থবিরতা। গ্যাসের চাপ ও সরবরাহের অনিশ্চয়তায় ইতোমধ্যে প্রায় ৪০০ গার্মেন্ট কারখানা বন্ধ হয়ে গেছে বলে শিল্পসংশ্লিষ্টরা জানিয়েছেন। একই সাথে গ্যাসনির্ভর ভারী শিল্পে উৎপাদন সক্ষমতা নেমে এসেছে প্রায় ৫০ শতাংশে। উৎপাদন কমে যাওয়ায় একদিকে যেমন উদ্যোক্তারা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন, অন্যদিকে রফতানি আদেশ, শ্রমিকের কর্মসংস্থান এবং সরবরাহব্যবস্থায় তৈরি হচ্ছে নতুন চাপ। দীর্ঘস্থায়ী এই জ্বালানি সঙ্কট অব্যাহত থাকলে শিল্পের ক্ষতির পরিধি আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
সংশ্লিষ্টরা বলছেন, গ্যাসের চাপ কমে যাওয়ার সঙ্কট এখন আর শুধু জ্বালানি খাতের সমস্যা নয়; এর অভিঘাত ছড়িয়ে পড়েছে উৎপাদন, কর্মসংস্থান, রফতানি এবং শিল্পের সরবরাহব্যবস্থার প্রতিটি স্তরে। দেশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার-আশুলিয়া, নরসিংদী, ময়মনসিংহ ও চট্টগ্রামে একদিকে কারখানার উৎপাদন কমেছে, অন্যদিকে অনেক ইউনিট আংশিক বা পুরোপুরি বন্ধ রাখতে হচ্ছে।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, গ্যাসসঙ্কটে পোশাক খাতের ডাইং, ওয়াশিং ও ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পে উৎপাদন ব্যাহত হচ্ছে। তিনি বলেন, অনেক কারখানা উৎপাদন চালু রাখতে ডিজেলচালিত জেনারেটর ব্যবহার করছে। এতে উৎপাদন ঘাটতি কিছুটা সামাল দেয়া গেলেও ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাচ্ছে। এতে সময়মতো রফতানি নিশ্চিত করতে অনেক কারখানাকে অতিরিক্ত সময় জেনারেটরে উৎপাদন চালাতে হচ্ছে বলে তিনি জানান।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, হক টেক্সটাইল ও ইউনিফিল টেক্সটাইল বিকল্প জ্বালানি হিসেবে কাঠ পোড়াচ্ছে। নরসিংদীর চাওলা শিল্প এলাকায় অন্তত ৫০টি কারখানা গ্যাসের বিকল্প হিসেবে কাঠ ব্যবহার করছে এবং প্রতিটি কারখানায় দিনে ১০ হাজার টাকার বেশি অতিরিক্ত খরচ হচ্ছে। স্থানীয় শিল্প মালিকদের হিসাবে শুধু চাওলা এলাকার কারখানাগুলোর উৎপাদন বন্ধ বা কমে যাওয়ায় দৈনিক ক্ষতি প্রায় ৩০০ কোটি টাকা।
এদিকে আবেদ টেক্সটাইল মিলের উৎপাদন টানা ২০ দিন বন্ধ থাকার তথ্য পাওয়া গেছে। কারখানাটির ব্যবস্থাপনা উৎপাদনের বদলে শ্রমিকদের রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে রাখার চেষ্টা করেছে, যাতে কর্মীদের মধ্যে চাকরি হারানোর আতঙ্ক না বাড়ে।
তিথি টেক্সটাইলের ক্ষেত্রে গ্যাসের চাপ শূন্যে নেমে যাওয়ায় প্রায় আড়াই লাখ গজ রাসায়নিকভাবে প্রক্রিয়াজাত কাপড় নষ্ট হয়েছে। কারখানাটির উৎপাদন ও জেনারেটর বন্ধ হয়ে যাওয়ায় বিদেশী ক্রেতাদের অর্ডার বাতিলের আশঙ্কা তৈরি হয়েছে এবং শ্রমিকদের মজুরি পরিশোধ নিয়েও চাপ তৈরি হয়েছে।
বিকেএমইএর নির্বাহী সভাপতি ফাজলে শামিম এহসান বলেন, প্রায় ৭৮ শতাংশ নিটওয়্যার কারখানায় আংশিক উৎপাদন বন্ধ হয়েছে এবং ৮৭ শতাংশ কারখানায় শিপমেন্ট বিলম্ব হয়েছে। তিনি বলেন, সঙ্কট কত দিন চলবে- এ বিষয়ে অনিশ্চয়তাই ব্যবসার জন্য বড় সমস্যা। নির্দিষ্ট সময়ের বিলম্ব জানা থাকলে উদ্যোক্তারা পরিকল্পনা করতে পারেন; কিন্তু অনিশ্চয়তা থাকলে উৎপাদন ও রফতানি পরিকল্পনা করা কঠিন হয়ে পড়ে বলে জানান।
এদিকে চট্টগ্রামের ভারী শিল্পগুলোর অবস্থাও উদ্বেগজনক। ইস্পাত, সিমেন্ট ও কাচ কারখানাগুলোতে উৎপাদন ৩০-৫০ শতাংশ পর্যন্ত কমেছে এবং অনেক প্রতিষ্ঠান প্রায় অর্ধেক সক্ষমতায় চলছে। কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানির আওতায় প্রায় ১,২০০ ছোট-বড় শিল্পপ্রতিষ্ঠান রয়েছে।
শিল্পের এই সঙ্কট শুধু কারখানার গেটের ভেতরে সীমাবদ্ধ নেই। গ্যাসের অভাবে উৎপাদন কমলে প্রথমে কমে কাজের ঘণ্টা ও ওভারটাইম। এরপর কাঁচামাল সরবরাহে সমস্যা হয়, রফতানি পণ্য প্রস্তুতিতে বিলম্ব হয়, ক্রেতাকে বাড়তি পরিবহনব্যয় বা ছাড় দিতে হয়। দীর্ঘ হলে অর্ডার অন্য দেশে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘বট ও গুপ্ত বাহিনীর মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে’
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিগগিরই সায়েদাবাদ থেকে দূরপাল্লার বাস কাঁচপুরে স্থানান্তর
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রিজার্ভ এখন ৩৬.১৪ বিলিয়ন ডলার
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ক্রসফায়ার’ বন্ধ, এখন যে প্রস্তাব পুলিশের
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মনোরেলের রুট নির্ধারণে সমীক্ষা শুরু
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৯ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানাও, বাড়ছে আমদানি নির্ভরতা
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নীতি সুদহার ৯.৫০ শতাংশেই বহাল, মূল্যস্ফীতি নিয়ে সতর্ক
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফুটপাত দখল ও হামলায় ‘ফ্যাসিবাদের দোসররা’ জড়িত -ডিএনসিসি প্রশাসক
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দাম বাড়াতে ভোজ্যতেলের সরবরাহ কমালো কোম্পানিগুলো
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদেশে কর্মী যাওয়া প্রায় ৩৩ শতাংশ কমেছে
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে যুবদল নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বৃহস্পতিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












