গোপন বুথে নয়, প্রকাশ্যে ভোট দেয়ার নির্দেশ যুবলীগ নেতার
নারায়ণগঞ্জ সংবাদদাতা:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে গোপন বুথে ভোট না দিয়ে প্রকাশ্যে ভোট দেওয়ার নির্দেশ দিয়েছেন এক যুবলীগ নেতা। ওই যুবলীগ নেতার দাবি নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম (বাবু) ঘোড়া প্রতীকে নির্বাচনের জন্য তাকে প্রবাস থেকে নিয়ে এসেছেন।
যুবলীগের ওই নেতার নাম লিটন সিকদার। তিনি আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। ঘোড়া প্রতীকে কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য সাইফুল ইসলাম স্বপন নির্বাচন করছেন। তাঁর বিরুদ্ধে দোয়াত কলম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের দুই বারের সাবেক চেয়ারম্যান শাহজালাল মিয়া।
কালাপাহাড়িয়া আওয়ামী লীগ সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় কালাপাহাড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য লিটনের বাড়িতে ঘোড়া প্রতীকের উঠান বৈঠক হয়। উঠান বৈঠকে বক্তব্য দেন ওই যুবলীগ নেতা। যুবলীগ নেতার বক্তব্যের একটি ভিডিও রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
যুবলীগ নেতাকে বলতে শোনা যায়, ‘ঘোড়ার পক্ষে ভোটের জন্য হুইপ নজরুল ইসলাম ভাই আমাদের বিদেশ থেকে নিয়ে আসছেন এবং আমাদের মেম্বারকে দায়িত্ব দিয়েছেন। এটা ঘোড়া না, এটাই নৌকা। ঘোড়া মানেই নৌকা, নৌকা মানেই ঘোড়া। হুইপ নজরুল ইসলাম ভাই এটা আমাদের দিয়েছেন। ঘোড়া মানেই নজরুল ইসলাম বাবু।’
গোপন বুথে ভোট দিলে ঘোড়া প্রতীকের বাইরে ভোট পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেন লিটন সিকদার। তিনি বলেন, ‘আমরা সবাই ঘোড়া মার্কায় ভোট দেব। যেহেতু সবাই ঘোড়া, তাইলে তো আমাদের বুথের ভেতরে যাওয়ার কোনো প্রয়োজন মনে করি না। যাঁরা বুথের ভেতরে যাবেন, তাঁদের মধ্যে অনেকেই আছেন বৃদ্ধ, চোখে দেখেন না। অন্ধকারে ভুলে অন্য জায়গায় ভোট যাইতেও পারে। সুতরাং আমরা সবাই টেবিলের সামনেই ভোটটা দেব।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।