গুটি কয়েক অলিগার্কদের সর্বত্র সুবিধা দিতে এ বাজেট -আমির খসরু
নিজস্ব প্রতিবেদক:
দেশের সর্বস্তরের মানুষের পকেট কেটে গুটি কয়েক অলিগার্কদের ব্যবসাসহ সর্বত্র সুবিধা দিতে আগামী ২০২৪-২৫ অর্থবছরের জন্য এ বাজেট প্রস্তাব করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
গতকাল জুমুয়াবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন যুক্তরাষ্ট্রে অবস্থান করা আমির খসরু মাহমুদ চৌধুরী।
বাজেট প্রতিক্রিয়ায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাজেট তো বাংলাদেশের গুটি কয়েক অলিগার্কদের জন্য। এদের ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য বাজেট। বাংলাদেশের মানুষের জন্য বাজেট হওয়ার কোনও সুযোগ নাই এখানে। বাংলাদেশের সর্বস্তরের মানুষের পকেট থেকে অলিগার্করা চুরি করবে। তারা শুধু বিজনেস পলিসি চালাচ্ছে না, তারা পুরো দেশ চালাচ্ছে।
তিনি আরো বলেন, ব্যাংকিং সেক্টর খালি করে ফেলছে, বাংলাদেশের রিজার্ভের অবস্থা খারাপ, ফরেন কারেন্সির অবস্থা খারাপ। মানে যে রিসোর্সগুলোর ওপর ভিত্তি করে বাজেট হয়, বাংলাদেশে তো আজকে সেগুলো অনুপস্থিত। একদিকে একটা অনির্বাচিত সরকার, যাদের কোনও ম্যান্ডেট নাই বাজেট দেবার অন্যদিকে বাংলাদেশের রাষ্ট্রীয় তহবিল খালি করে ফেলছে চুরি, দুর্নীতি এবং বিদেশে পাচারের মাধ্যমে। বাংলাদেশের তহবিল খালি, রিজার্ভ খালির পথে, তারপর ব্যাংকগুলো সব লুটপাট করে টাকা সব নিয়ে গিয়েছে, শেয়ারবাজার ধ্বংস করে দিয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।