কোনো হুমকি-ধমকি, হুংকার দিয়ে লাভ নেই
বিএনপির উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, কোনো হুমকি-ধমকি, হুংকার দিয়ে লাভ নেই, কেউ আইনের ঊর্ধ্বে নয়। দেশে নির্বাচন আসছে। নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নৈরাজ্য সৃষ্টি করার পাঁয়তারা করছে। তারা এখন জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। তারা কীভাবে অগ্নি-সন্ত্রাস, মানুষ হত্যা করেছে তা জনগণ দেখেছে।’
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণ বিএনপির ডাকে এখন আর কোনোভাবেই সাড়া দিচ্ছে না। বিএনপি এখন হুংকার দিচ্ছে সব অচল করে দেবে। আবার অগ্নি-সন্ত্রাস করবে, আবার মানুষ হত্যা করবে। এসব হুমকি-ধমকি এ দেশের মানুষ পছন্দ করে না। এ দেশের মানুষ জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ এসবকে চিরতরে প্রত্যাখ্যান করেছে। কাজেই যদি বিএনপি অগ্নি-সন্ত্রাস, মানুষ হত্যার মতো কিছু করতে চায় জনগণই তাদের প্রতিহত করবে, জনগণ তাদের এসবের জবাব দেবে। যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে সরকারের সব প্রস্তুতি রয়েছে।
মন্ত্রী বলেন, বিএনপির গায়েবি মামলার অভিযোগ ভিত্তিহীন। তাদের দ্বারা আক্রান্ত সংক্ষুব্ধ ব্যক্তিরা যেকোনো জায়গা থেকে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে। তা দিতেই পারে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।