কুড়িগ্রামে মাল্টা চাষে স্বপ্ন দেখছেন চাষিরা
কুড়িগ্রাম সংবাদদাতা:
কুড়িগ্রামের উত্তর প্রান্তিক উপজেলা ভূরুঙ্গামারী। সীমান্তঘেঁষা এ জনপদের নতুন সম্ভাবনার আলো দেখা দিয়েছে- মাল্টা চাষ। গ্রামের গাছে ঝুলে থাকা থোকায় থোকায় সবুজ-কমলা মাল্টার দৃশ্য এখন মানুষের চোখে নতুন স্বপ্ন বুনছে।
পাথরডুবি ইউনিয়নের বাঁশজানি গ্রামের উদ্যোক্তা আতিকুর রহমান খোকনের স্বপ্নের বাগান আলোচনার কেন্দ্রে। ২০২২ সালে তিনি স্ত্রীর সহায়তায় মাত্র ০.২৪ একর জমিতে গড়ে তোলেন মাল্টার বাগান। একসঙ্গে বারি-১, বারি-২, বারি-৩ ও বারি-৪ জাতের মাল্টা রোপণ করেন তিনি। তিন বছরের শ্রম আর প্রায় দুই লাখ টাকার বিনিয়োগে এবার বাগানে এসেছে আশাতীত ফলন। সবুজ ডালে ঝুলছে সোনালি মাল্টা, যা দেখলে চোখ জুড়িয়ে যায়। কিন্তু ফলনের আনন্দটা বেশি দিন টেকেনি। কারণ খোকনের কাছে নেই কোনো পাইকারি বাজারের যোগাযোগ কিংবা বিক্রির অভিজ্ঞতা।
খোকন বলেন, খুচরা বিক্রি করে ২৫ হাজার টাকার মত পেয়েছি। অথচ সঠিক দামে বিক্রি করতে পারলে অন্তত এক লাখ বিশ হাজার থেকে দেড় লাখ টাকা পাওয়া যেত। বাজার না থাকায় মাল্টা গাছে পেকে ঝরে পড়ছে। তখন মনে হয়, এত কষ্ট করে এই বাগান করলাম কেন?
বাঁশজানি গ্রামের মানুষ জানালেন, খোকনের বাগানের মাল্টা সুস্বাদু ও রাসায়নিকমুক্ত। তারা বিশ্বাস করেন, যদি বাজারজাতকরণের সুযোগ সৃষ্টি হয়, তবে শুধু খোকনই নয়-এলাকার আরও অনেক যুবক এই চাষে ঝুঁকবেন। এতে একদিকে যেমন বেকারত্ব কমবে, তেমনি নতুন সম্ভাবনা উন্মোচিত হবে গ্রামীণ অর্থনীতিতে। একজন স্থানীয় যুবক বলেন, আমরা শহরের দোকান থেকে যে মাল্টা কিনি, তার চেয়ে খোকনের মাল্টা অনেক মিষ্টি। অথচ বাজার না থাকায় তিনি ঠিকমতো বিক্রি করতে পারছেন না।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার বলেন, এ বছর ভূরুঙ্গামারীতে ১৫ হেক্টরের বেশি জমিতে মাল্টা চাষ হয়েছে। পাথরডুবির মাল্টা বাগান সম্পর্কেও আমরা জানি। সংশ্লিষ্ট কর্মকর্তাকে বাজারজাতকরণ বিষয়ে উদ্যোক্তাকে সহায়তা করার নির্দেশ দেওয়া হয়েছে। আমি নিজেও দ্রুত বাগানটি পরিদর্শনে যাব। তিনি আরও বলেন, গ্রামীণ অর্থনীতিতে সম্ভাবনার নতুন দুয়ার খুলতে পারে মাল্টা চাষ। তবে বাজার ব্যবস্থাপনা ও সরকারি সহযোগিতার অভাব থাকলে সেই স্বপ্ন ব্যাহত হবে। এ কারণে আমরা উদ্যোক্তাদের পাশে থাকতে চাই।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।