কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বৃদ্ধি
ভারী বর্ষণে দেশের বৃহত্তম রাঙামাটির কাপ্তাই হ্রদে পানির পরিমাণ কিছুটা বেড়েছে। যার ফলে পানির ওপর নির্ভরশীল দেশের একমাত্র পানিবিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের (কপাবিকে) বিদ্যুৎ উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। আগে পানির অভাবে মাত্র একটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হলেও বর্তমানে দুটি ইউনিট একসঙ্গে চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।
কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, বিগত কয়েক মাস কাপ্তাই হ্রদে পানির স্তর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসায় এ বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে শুধু একটি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছিল। দৈনিক মাত্র ২৫-৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হতো।
সর্বশেষ জুমুয়াবার (৩১ মে) প্রাপ্ত তথ্য অনুযায়ী বুধবার থেকে এখন পর্যন্ত এ কেন্দ্রে দুটি ইউনিট চালু আছে। তার মধ্যে ১ নম্বর ইউনিট থেকে ৩০ ও ২ নম্বর ইউনিট থেকে ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।
কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আবদুজ্জাহের জানান, কাপ্তাই হ্রদে পানির পরিমাণ বৃদ্ধি পেলে বিদ্যুৎ উৎপাদন আরও বাড়বে। তবে কাপ্তাই হ্রদে পানি বাড়ার জন্য আরও ভারী বৃষ্টিপাতের প্রয়োজন বলেও তিনি জানান।
দেশে সবচেয়ে কম খরচে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয় একমাত্র কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রে। যেখানে পাঁচটি ইউনিট থেকে সর্বোচ্চ ২৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।