‘কর্মসংস্থান অধিদপ্তর’ প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে -শ্রম উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক:
শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, শ্রম বাজারে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির জন্য সরকার একটি নতুন 'কর্মসংস্থান অধিদপ্তর' প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে।
এ লক্ষ্যে শ্রম অধিকার সুরক্ষা নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শ্রম আইন বাস্তবায়নে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএল ও) কারিগরি সহায়তা কামনা করেন তিনি।
সুইজারল্যান্ডের জেনেভায় আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ হাউংবোর সঙ্গে সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে উপদেষ্টা এসব কথা বলেন।
বৈঠকে শ্রম উপদেষ্টা বাংলাদেশের শ্রমখাতে গৃহীত সংস্কার ও বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন। তিনি শ্রম আইন ২০০৬-এর সংশোধন ও শ্রমিকদের ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজীকরণ এবং শ্রম পরিদর্শন ব্যবস্থা জোরদারের কথা উল্লেখ করেন।
এছাড়া যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, নতুন উদ্যোক্তা গড়ে তোলা, শিপ ব্রেকিং ও নির্মাণসহ সব শিল্প খাতে নিরাপদ ও ন্যায়সংগত কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের গৃহীত পদক্ষেপগুলোও উপস্থাপন করেন তিনি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।