কমপ্লিট শাটডাউন ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচিতে অচল রাজস্ব দফতর
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানের অপসারণের দাবিতে সর্বাত্মক কর্মবিরতি ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি পালন করছেন এনবিআরের কর্মকর্তা ও কর্মচারীরা। ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’-এর ব্যানারে পরিচালিত এই কর্মসূচির ফলে সারা দেশে কর, কাস্টমস ও ভ্যাট দপ্তরগুলোর কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকাল থেকেই রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে জড়ো হতে থাকেন আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা। সকাল সাড়ে ১০টার দিকে এনবিআর ভবন ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভবনের ভেতরে ও বাইরে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন করা হয়।
ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলার কাস্টমস, ভ্যাট ও কর অফিস থেকে কর্মকর্তা-কর্মচারীরা যোগ দিচ্ছেন এই আন্দোলনে। ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচিকে সফল করতে দল বেঁধে তারা আগারগাঁওয়ের রাজস্ব ভবনের সামনে অবস্থান নিচ্ছেন। এনবিআর ভবনের সামনের ফুটপাতজুড়ে অবস্থান কর্মসূচি চলছে, যেখানে অংশগ্রহণকারীরা স্লোগান ও ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান করছেন।
আন্দোলনের মধ্যে এনবিআর ভবনে প্রবেশে কঠোর নিরাপত্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা জারি করা হয়েছে। দফতরে অনুপস্থিত থাকলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে এনবিআর কর্তৃপক্ষ। তবে আন্দোলনকারীরা বলছেন, প্রশাসনিক চাপ নয়, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান চাই তারা।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।