কক্সবাজার এক্সপ্রেসের বাড়তি ভাড়া নিয়ে যা বলল রেল
ঢাকা থেকে সমুদ্র নগরী কক্সবাজারগামী প্রথম ট্রেন ‘কক্সবাজার এক্সপ্রেস’ চলবে ১ ডিসেম্বর। এরই মধ্যে গত বৃহস্পতিবার (২৩ নভেম্বর) থেকে শুরু হয়েছে টিকেট বিক্রি।
টিকেট চালুর প্রথমদিনের ১ ঘণ্টার মধ্যেই প্রথম তিনদিনের টিকিট বিক্রি হয়ে যায়।
কিন্তু অন্যান্য আন্তনগর ট্রেনের চেয়ে কক্সবাজার এক্সপ্রেসের ভাড়া বেশি হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে প্রকাশ করছেন ক্ষোভ।
যাত্রীদের ক্ষোভের কারণ হচ্ছে, ঢাকা-চট্টগ্রাম রুটের ট্রেনে শোভন চেয়ারে ভাড়া ৩৪৫ টাকা। বিরতিহীন সুবর্ণ এক্সপ্রেস এবং সোনার বাংলা এক্সপ্রেসে শোভন চেয়ারে ভাড়া ৪০৫ টাকা।
কিন্তু আগামী ১ ডিসেম্বর থেকে চালু হতে যাওয়া কক্সবাজার এক্সপ্রেসে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে শোভন চেয়ারে ভাড়া লাগবে ৪৫০ টাকা। আর কক্সবাজার পর্যন্ত এ ট্রেনে শোভন চেয়ারে ভাড়া ৬৯৫ টাকা।
অন্যদিকে সাধারণ আন্তনগর ট্রেনে ঢাকা-চট্টগ্রামের স্নিগ্ধায় (এসি) ভাড়া ৬৫৬ টাকা। বিরতিহীন ট্রেন স্নিগ্ধায় ভাড়া ৮০৫ টাকা।
কিন্তু কক্সবাজার এক্সপ্রেসে ঢাকা-চট্টগ্রাম স্নিগ্ধায় (এসি) ভাড়া ৮৫৫ টাকা। আর কক্সবাজার পর্যন্ত এ ট্রেনে স্নিগ্ধায় ভাড়া ১ হাজার ৩২৫ টাকা।
এ বিষয়ে রেলওয়ের মহাপরিচালক কামরুল আহসান বলেন, কক্সবাজার এক্সপ্রেসের ভাড়ায় ননস্টপ চার্জ যোগ হয়েছে। ১০০ কিলোমিটারের পরবর্তী দূরত্বে যে রেয়াত (ছাড়) দেওয়া হয়, তা নেই। এ কারণেই ভাড়া বেশি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।