এবার জাপা মহাসচিব চুন্নু যা বললেন সারজিস-হাসনাতের দাবির ব্যাপারে
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস। জানা গেছে, সংলাপে এখনো আমন্ত্রণ পায়নি জাতীয় পার্টি (জাপা)। জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হবে কি না তা জানা না গেলেও, ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ।
গত ৭ অক্টোবর মধ্যরাতে এক পোস্টে সারজিস লিখেছেন, জাতীয় পার্টির মতো মেরুদণ্ডহীন ফ্যাসিস্টের দালালদের প্রধান উপদেষ্টা কীভাবে আলোচনায় ডাকে?
অনেকটা একই ধরনের স্ট্যাটাসে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানানো হলে, আমরা সেই আত্মঘাতী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও কঠোর বিরোধিতা করবো।
তবে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু সংলাপে ডাক পাওয়া কিংবা না পাওয়ার বিষয়টিকে তেমন বিবেচনায় নিচ্ছেন না। তার কথা, ডাকা না ডাকা, সরকারের বিষয়। তারা তাদের মতো করে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাবেন।
দুই সমন্বয়কের মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে গণমাধ্যমকে জাপা মহাসচিব বলেন, কেউ যদি এমন কথা বলতে চায়, তাহলে বলতেই পারে। কিন্তু মাঠে এভাবে বলে লাভ নেই। আমাদের জিজ্ঞেস করলে আমরা আমাদের মতো করে উত্তর দিব। এটার পক্ষে-বিপক্ষে দুইটাতেই যুক্তি আছে।
তিনি আরও বলেন, আমরা শেষ সংলাপে ডাক পেয়েছিলাম। তখন পাঁচজন গিয়ে মিটিং করছি। এবার যে সংলাপ হবে সেটার ডাক এখনো পাই নাই। উনারা প্রয়োজন মনে করলে ডাকবে, আর প্রয়োজন মনে না করলে ডাকবে না। এটা উনাদের বিষয়। আমরা এটার জন্য বসে নেই, আমাদের রাজনীতি যেটা, আমরা করব। আমরা একটা বৃহৎ ও পুরনো রাজনৈতিক দল, আমাদের সহযোগিতা চাইলে আমরা করবো।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।