এবারের নির্বাচনে ব্যবসায়ী ও ‘শিক্ষিত’ প্রার্থীর হার বেশি
নিজস্ব সংবাদদাতা:
দেশের রাজনীতিতে পেশাদার রাজনীতিবিদের চেয়ে ব্যবসায়ীদের অংশগ্রহণ বাড়ছে। নতুন নতুন ব্যবসায়ী শ্রেণির মানুষজন আসছেন নির্বাচনে প্রার্থিতা করতে। গত পাঁচটি নির্বাচনের চিত্র বিশ্লেষণ করে এমনটিই দেখেছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
গত বৃহস্পতিবার টিআইবি কার্যালয়ে নির্বাচনী হলফনামায় প্রার্থী পরিচিতি শীর্ষক এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় সংস্থাটি। সেখানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ গত পাঁচটি নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে একটি কেওয়াইসি ড্যাশবোর্ডসহ প্রতিবেদন প্রকাশ করে টিআইবি।
সংস্থাটি বলছে, এবারের নির্বাচনে প্রার্থীদের মধ্যে ৪৮ শতাংশের বেশি প্রার্থী মূল পেশা বিবেচনায় ব্যবসায়ী। আইন ও শিক্ষক পেশা হিসেবে দেখিয়েছেন যথাক্রমে ১২.৬১ এবং ১১.৫৬ শতাংশ প্রার্থী। এরপরেই রয়েছেন চাকরিজীবী ও কৃষিজীবী পেশার প্রার্থীরা। রাজনীতিকে পেশা হিসেবে দেখিয়েছেন ১.৫৬ শতাংশ প্রার্থী।
ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৭৬.৪২ শতাংশ প্রার্থী স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী এর মধ্যে স্নাতক ২৮.৩৭ শতাংশ, সবচেয়ে বেশি স্নাতকোত্তর ৪৭.৯৮ শতাংশ। আর উচ্চ মাধ্যমিক পাস করেছেন ৮.৯৪ শতাংশ, মাধ্যমিক ৬ শতাংশের কিছু বেশি প্রার্থী। বিশ্লেষণে দেখা যায়, বিগত চার নির্বাচনের ২০০৮ সালে ৭১.২৩ শতাংশ, ২০১৪ সালে ৭১.৯১ শতাংশ, ২০১৮ সালে ৬৭.৩০ শতাংশ এবং ২০২৪ সালের নির্বাচনে ৫৯.৩৩ শতাংশ স্নাতক বা এর বেশি শিক্ষাগত প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।