এক টুকরো গরম কাপড়ের অপেক্ষায় রাত কাটে তাদের
নিজস্ব প্রতিবেদক:
সারা দেশের মতো রাজধানীতেও ঝেঁকে বসেছে তীব্র শীত। এর সঙ্গে বাড়ছে শীতকালীন রোগের প্রকোপ। দেশের হাসপাতালগুলোয় দেখা যায় সেই দৃশ্য। শীতের এই তীব্রতা থেকে বাঁচতে যখন সবাই ব্যস্ত থাকে গরম কাপড় নিয়ে, তখন নিম্নবিত্ত ও ছিন্নমূল মানুষের কাছে তা অধরা।
সারা দেশ থেকে অনেক নিম্নবিত্ত ও ছিন্নমূল মানুষ ক্ষুধা নিবারণ বা একটু আয় করার আশায় প্রতিনিয়ত আসছে ঢাকায়। তাদের মধ্যে অনেকের মাথা গোঁজার ঠাঁই মিললেও, বেশির ভাগই থাকে বাসস্থানহীন। কেউ কেউ নানা জায়গা থেকে গরম কাপড় পেলেও, অনেকের শীতের রাত কাটে গরম কাপড়ের অপেক্ষায়।
রাজধানীর টিএসসির পাশে ফুটপাতে প্লাস্টিকের বস্তা গায়ে দিয়ে শুয়ে আছেন আবুল মিয়া। ৭৫ বছর বয়স হলেও নিজের খাবার নিজেকেই জোগাতে হয়। তার স্ত্রী মারা গেছেন, আছেন দুই মেয়ে। মেয়ের সংসারে দারিদ্র্য থাকায় মেয়ের ওপর বোঝা হতে চাননি বলে চলে আসেন ঢাকায়। তাই মানুষের কাছে ভিক্ষা করে চলেন।
আবুল মিয়া বলেন, মানুষের কাছে চাই। তারা যা দেয় তা দিয়ে কোনোমতে খাওয়া-দাওয়া আর ওষুধ কিনে খাই। এই কয়েক দিন যা শীত বাড়ছে। সহ্য করা খুব কষ্টকর। শীত বেশি লাগলে মনে ভাবি, কেউ আইসা কম্বল দিয়ে যাইবো। গরম কাপড় হলে ভালো ঘুম যাইতে পারতাম। কথা শেষ করেই আবার প্লাস্টিকের বস্তা গায়ে দিয়ে শুয়ে পড়েন তিনি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।